পাপকে আপনি কোন্ দৃষ্টিতে দেখেন?
“তোমার মধ্যে কোন পাপ নেই, তোমার মধ্যে কোন দুঃখ নেই; তুমি অসীম ক্ষমতার অধিকারী।” এই উক্তিটি বিখ্যাত হিন্দু দার্শনিক বিবেকানন্দ করেছিলেন, যখন হিন্দু পবিত্র পুস্তক ভগবত গীতা থেকে তিনি একটি পরিচ্ছদ ব্যাখ্যা করছিলেন। বেদান্ত থেকে উল্লেখ করে তিনি দাবি করেছিলেন: “সর্বাপেক্ষা বড় ভুল হচ্ছে এটি বলা যে তুমি দুর্বল, তুমি একজন পাপী।”a
কিন্তু এটি কি সত্য যে মানুষের মধ্যে কোন পাপ নেই? আর যদি জন্মের সময় উত্তরাধিকারসূত্রে সে কিছু পেয়ে থাকে তবে সেটি কী? কেবলমাত্র “শারীরিক বৈশিষ্ট্যগুলিই বংশগতির দ্বারা নির্ধারিত হয়ে থাকে,” একজন হিন্দু স্বামী নিখিলানন্দ বলেন। অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলি একজনের “পূর্বজন্মের কাজ” দ্বারা নির্ধারিত হয়ে থাকে।” বিবেকানন্দের মতানুসারে “তুমিই তোমার নিয়তির বিধাতা।” উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পাপ সম্বন্ধে হিন্দু ধর্ম কিছুই শিক্ষা দেয় না।
উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পাপের ধারণা জরোস্ট্রীয়, সিন্টো, কনফুসীয় এবং বৌদ্ধদের মধ্যেও অনুপস্থিত। এমনকি যিহূদী-খ্রীষ্টান ধর্মেও যারা পরম্পরাগতভাবে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পাপের মতবাদ সম্বন্ধে শিখিয়েছে, পাপের প্রতি তাদের মনোভাবও পরিবর্তিত হচ্ছে। আজ আরও বেশি সংখ্যায় লোকেরা তাদের নিজেদের পাপী বলে মনে করে না।
“আধুনিক সচেতনতা নৈতিক নিন্দাকে উৎসাহিত করে না; বিশেষভাবে এটি আত্ম-নিন্দাকে উৎসাহিত করে না,” ঈশ্বরতত্ত্ববিদ কর্নেলিয়াস প্লেনটিনা জুনিয়র বলেন। খ্রীষ্টীয় জগতের গির্জাগুলিও কিছু অংশে পাপের গুরুত্বকে নগণ্য করার দোষে দোষী। “যদি তুমি পাপ সম্বন্ধে শুনতে চাও গির্জায় যেও না” ডিউক বিশ্ববিদ্যালয়ের এক পাদ্রি বলেন। আর প্লেনটিনার মতানুসারে কিছু গির্জা সাধারণত কেবলমাত্র সামাজিক বিষয়ের পরিপ্রেক্ষিতেই পাপের উল্লেখ করে থাকে।
এটি স্বীকার্য যে আজকে সামাজিক বিপর্যয় অনেক। দৌরাত্ম্য, অপরাধ, যুদ্ধ, সাম্প্রদায়িক শত্রুতা, নেশাকর দ্রব্যের অপব্যবহার, অসততা, উৎপীড়ন এবং শিশুদের বিরুদ্ধে দৌরাত্ম্য প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। বস্তুতপক্ষে, এই বিংশ শতাব্দীকে মানবসমাজের কাছে পরিচিত এক অন্যতম রক্তাক্ত শতাব্দী বলে অভিহিত করা হয়। এছাড়াও এর সাথে যুক্ত যন্ত্রণা ও দুঃখকষ্ট যা অসুস্থতা, বার্ধক্য এবং মৃত্যুর ফলস্বরূপ এসেছে। আজকের জগতে বিদ্যমান এই অগণিত সমস্যাগুলি থেকে মুক্তি পেতে কে আকাঙ্ক্ষী নয়?
তাহলে, পাপ সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি কী? পাপ কি উত্তরাধিকারসূত্রে এসেছে? আমরা কি কখনও ব্যাথা ও দুঃখকষ্ট থেকে মুক্তি লাভ করব? পরবর্তী প্রবন্ধটি এই প্রশ্নগুলি আলোচনা করবে।
[পাদটীকাগুলো]
a বেদান্ত দর্শন উপনিষদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেটি হিন্দু শাস্ত্র বেদের শেষ অংশ।