বাইবেল—একটি অদ্বিতীয় পুস্তক
এটিকে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় পুস্তক বলা হয়ে থাকে আর এটি সত্যই তাই। অন্য যে কোন পুস্তকের চাইতে লোক বেশি বাইবেল পড়ে এবং আনন্দ পেয়ে থাকে। আজ পর্যন্ত, এর (সম্পূর্ণ অথবা আংশিক) বিতরণ সংখ্যা হল আনুমানিক চারশ কোটি আর ২,০০০ এরও বেশি ভাষায়।
কিন্তু, বাইবেলের বিতরণের চাইতেও আরও বেশি আগ্রহের বিষয় হল এর ঐশিক লেখকত্বের দাবি। খ্রীষ্টীয় প্রেরিত পৌল লিখেছিলেন, “সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর অনুপ্রাণিত।” (২ তীমথিয় ৩:১৬, NW) এর অর্থ কী? “ঈশ্বর অনুপ্রাণিত” (গ্রীক, থিয়োপনিউস্টোস্) বাক্যাংশটির আক্ষরিক অর্থ হল “ঈশ্বর-নিশ্বসিত।” সংশ্লিষ্ট গ্রীক শব্দ, নিউমা, কথাটির অর্থ “আত্মা।” সুতরাং, দাবিটি হল যে ঈশ্বরের পবিত্র আত্মা মনুষ্য লেখকদের পরিচালিত করেছিল, ঠিক যেন তাদের উপর নিঃশ্বাস ফেলেছিল, যাতে করে চূড়ান্ত ফলস্বরূপ সত্যসত্যই বলা যেতে পারে যে এটি ঈশ্বরের বাক্য, মানুষের নয়। বাস্তবিকই, অনেকেই যারা বাইবেল অধ্যয়ন করেছেন তারা এর সামগ্রিক সামঞ্জস্যতা, এর বৈজ্ঞানিক যথার্থতা, এর লেখকদের সততা এবং অকপটতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর পরিপূর্ণ ভবিষ্যদ্বাণীগুলি দেখে অবাক হন—যার সমস্তই লক্ষ লক্ষ চিন্তাশীল পাঠকদের নিশ্চিত করেছে যে এই পুস্তকটি মানুষের চাইতেও এক উচ্চতর উৎস থেকে এসেছে।a
কিন্তু কতটা যথাযথভাবে ঈশ্বর বাইবেল লেখাকে পরিচালিত করেছিলেন? কেউ কেউ বলে থাকে যে তিনি আক্ষরিকভাবে বাইবেলের প্রতিটি শব্দ বলার দ্বারা তা লিখেছিলেন। আবার অন্যান্যেরা বলে যে তিনি শব্দগুলিকে নয়, কিন্তু বাইবেলে পাওয়া চিন্তাধারাকে কেবলমাত্র অনুপ্রাণিত করেছিলেন। কিন্তু বাস্তবে, অনুপ্রেরণা শুধুমাত্র একটি পদ্ধতিতেই সীমিত থাকতে পারে না, কারণ ঈশ্বর “বহু উপায়ে ভাববাদীগণের মাধ্যমে আমাদের পিতৃপুরুষদের কাছে” কথা বলেছিলেন। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (ইব্রীয় ১:১, NW; ১ করিন্থীয় ১২:৬ পদের সাথে তুলনা করুন।) পরবর্তী প্রবন্ধে, আমরা সেই উপায়গুলি পরীক্ষা করব যার দ্বারা ঈশ্বর প্রায় ৪০ জন মনুষ্য লেখকদের সাথে কথা বলেন যারা বাইবেল লিখেছিলেন।
[পাদটীকাগুলো]
a আরও তথ্যের জন্য, ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য? (ইংরাজি), নামক বইটির পৃষ্ঠা ৫৩-৪ এবং ৯৮-১৬১ দেখুন।