ঈশ্বরে বিশ্বাস—এর জন্য কি অলৌকিক কাজের প্রয়োজন?
এলবার্টের বয়স ২০ বছরের প্রথমার্ধে ছিল যখন তিনি ঈশ্বরের অন্বেষণ করতে শুরু করেছিলেন। তিনি বেশ কিছু সংখ্যক ধর্ম পরীক্ষা করেন, কিন্তু অতৃপ্ত থেকে যান। বাইবেলের কিছু অংশ পড়ে তিনি জানতে পারেন যে ঈশ্বর কিভাবে নোহ, অব্রাহাম, সারা এবং মোশির মত ব্যক্তিদের সাথে ব্যবহার করেছিলেন। বাইবেলের ঈশ্বরের প্রতি এলবার্ট নিজেকে আকর্ষিত হতে দেখেছিলেন। কিন্তু, তিনি কি নিশ্চিত হতে পেরেছিলেন যে ঈশ্বর প্রকৃতই অস্তিত্বে আছেন?
এক সন্ধ্যায় এলবার্ট একটি নির্জন স্থানে গাড়ি করে যান যেখানে তিনি প্রার্থনা করেন, “হে ঈশ্বর দয়া করে, আমাকে একটি চিহ্ন দাও—যে কোনকিছু, যা প্রমাণ করে তুমি অস্তিত্বে আছ।” এলবার্ট প্রতিক্ষা করতেই থাকেন। তিনি স্মরণ করেন যে যখন কোন কিছুই ঘটেনি, তখন তার প্রত্যাশা “হতাশায়, শূন্যতায় এবং ক্রোধে পরিণত হয়েছিল।”
এলবার্টের মত অনেকেই মনে করে যে তারা অযথা ঈশ্বরের অন্বেষণ করেছে। তারা হয়ত যাজক শ্রেণীর ধর্মোপদেশের দ্বারা বিভ্রান্ত হয়েছে অথবা টেলিভিশন সুসমাচারপ্রচারকদের বিজ্ঞাপন দ্বারা তাদের মোহভঙ্গ হয়েছে। তাদের বহু প্রতিবেশিদের মধ্যে বিদ্যমান কপটতায় হতবুদ্ধি হয়ে, কেউ কেউ নিশ্চিত নয় যে তারা কী বিশ্বাস করবে। তথাপি, প্রাচীন ইস্রায়েলের রাজা দায়ূদ তার পুত্রকে আশ্বস্ত করেছিলেন: “তুমি যদি [ঈশ্বরের] অন্বেষণ কর, তবে তিনি আপনার উদ্দেশ পাইতে দিবেন।”—১ বংশাবলি ২৮:৯.
তাহলে ঈশ্বর নিজেকে কিভাবে প্রকাশ করেন? আপনার কি একটি চিহ্নের প্রত্যাশা করা উচিত—কিছু অতিপ্রাকৃতিক অভিজ্ঞতা কি আপনাকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ দেবে? টাইম পত্রিকার একটি সাম্প্রতিক সমীক্ষার প্রতিবেদন অনুসারে, আমেরিকার দুই তৃতীয়াংশেরও বেশি লোকেরা অলৌকিক কাজে বিশ্বাস করে। প্রবন্ধটি আরও উল্লেখ করেছিল যে “আমেরিকার দ্রুততম বৃদ্ধিশীল গির্জাগুলি হল ক্যারিস্মাটিক এবং পেন্টিকস্টাল মণ্ডলীগুলি যাদের উপাসনা ‘চিহ্ন ও অদ্ভুতকার্যগুলি’-র চতুর্দিকে আবর্তিত।”
ঈশ্বরে বিশ্বাসের জন্য কি প্রকৃতই “চিহ্ন ও অদ্ভুতকার্যগুলি”-র প্রয়োজন? তিনি অতীতে অলৌকিক কাজগুলি ব্যবহার করেছেন। দৃষ্টান্তস্বরূপ: তার্ষের শৌল, যিনি ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের অনুগামীদের তাড়না করছিলেন, তিনি যিরূশালেম থেকে দস্মেশকের পথে একটি অসাধারণ অভিজ্ঞতা লাভ করেছিলেন। পুনরুত্থিত যীশুর সাথে এই অলৌকিক সাক্ষাৎলাভ শৌলকে ধর্মান্তরিত হতে পরিচালিত করেছিল। (প্রেরিত ৯:১-২২) এইরূপে একজন পূর্ব তাড়নাকারী প্রেরিত পৌলে পরিণত হয়েছিলেন—খ্রীষ্টতত্ত্বের একজন প্রধান প্রচারক!
কিন্তু অলৌকিক কাজগুলি কি সর্বদা এইরূপ অনুকূল প্রতিক্রিয়া সৃষ্টি করে? ঈশ্বরে প্রকৃত বিশ্বাস কি একজনের কোন অলৌকিক অভিজ্ঞতা হওয়ার উপরে নির্ভর করে?
[৩ পৃষ্ঠার চিত্র]
ঈশ্বরের পুত্র অলৌকিকভাবে তার্ষের শৌলের সাথে কথা বলেছিলেন। আপনার কি একটি অলৌকিক কাজের প্রত্যাশা করা উচিত?