চার বছর যুদ্ধ চলাকালীন সময়ে সান্ত্বনা
প্রাক্তন যুগোশ্লাভিয়াতে চার বছর যুদ্ধ চলাকালীন সময়ে বহুলোক কষ্টকর পরিস্থিতি এবং নিদারুণ অভাব ভোগ করেছিল। তাদের মধ্যে অন্তর্ভূক্ত ছিল শত শত যিহোবার সাক্ষীরা, যারা বিশ্বস্তভাবে ক্রমাগত “সমস্ত সান্ত্বনার ঈশ্বর”-কে অনবরত উপাসনা করে চলেছিল।—২ করিন্থীয় ১:৩
সারাজেভোতে, লোকেরা একটি বড় শহরে বাস করার ফলে, যেটি যুদ্ধ চলাকালীন সমস্ত সময়ে আক্রমণাধীনে ছিল, অতিরিক্ত কষ্ট ভোগ করেছিল। সেখানে বিদ্যুৎ, জল, জ্বালানিকাঠ এবং খাদ্যের অভাব ছিল। যিহোবার সাক্ষীদের সারাজেভো মণ্ডলী কিভাবে এই চরম পরিস্থিতির মধ্যে কাজ করেছিল? প্রতিবেশী দেশগুলি থেকে খ্রীষ্টানেরা প্রচুর পরিমাণে ত্রাণসামগ্রী সরবরাহ করার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছিল। (দেখুন প্রহরীদুর্গ (ইংরাজি), নভেম্বর ১, ১৯৯৪, পৃষ্ঠা ২৩-৭.) এছাড়াও, সারাজেভোতে ভাইয়েরা তাদের যা কিছু ছিল তা একে অপরের সাথে বন্টন করে নিয়েছিলেন, আধ্যাত্মিক বিষয়গুলি বন্টনের ক্ষেত্রে মুখ্যভাবে জোর দিয়ে। আক্রমণের সময়ে ঐ শহর থেকে একজন খ্রীষ্টীয় অধ্যক্ষ নিম্নোক্ত বিবৃতিটি দিয়েছিলেন:
“আমরা আমাদের সভাগুলিকে খুবই মূল্য দিই। আমি এবং আমার স্ত্রী ও অন্য ৩০ জন ব্যক্তির সাথে একত্রে, সভাগুলিতে যাওয়ার জন্য একবারের পথে ১৫ কিলোমিটার [৯ মাইল] হাঁটি। কখনও কখনও ঘোষণা করা হত যে সভাগুলি চলাকালীন সময়ে জল সরবরাহ করা হবে। ভাইয়েরা তখন কী করতেন? তারা ঘরে থাকতেন অথবা সভাগুলিতে যোগ দিতেন? আমাদের ভাইয়েরা সভাগুলিতে যোগ দেওয়াকে বেছে নিতেন। ভাইয়েরা সর্বদাই একে অপরকে সাহায্য করেন; তাদের যা কিছু আছে, তারা তা বন্টন করে নেন। আমাদের মণ্ডলীর এক বোন শহরের এক প্রান্তে, জঙ্গলের কাছে বাস করেন; সুতরাং জ্বালানিকাঠ সংগ্রহ করা তার পক্ষে কিছুটা সহজতর হয়। এছাড়া তিনি একটি রুটির দোকানেও কাজ করেন, তার বেতন আটা দিয়ে পরিশোধ করা হয়। যখন সম্ভব হয়, তিনি একটি বড় রুটি তৈরি করে তা সভায় নিয়ে আসেন। সভার পরে, যাওয়ার সময়, তিনি প্রত্যেককে একটি করে রুটির টুকরো দেন।
“এটি গুরুত্বপূর্ণ যে কোন ভাই বা বোন যেন কখনও নিজেকে পরিত্যক্ত মনে না করেন। কেউই জানেন না যে আমাদের মধ্যে কার এরপর অপ্রীতিকর পরিস্থিতিতে সাহায্যের প্রয়োজন হতে পারে। যখন আমাদের রাস্তা বরফে ঢেকে গিয়েছিল এবং একজন বোন অসুস্থ ছিলেন, তখন যুবক, শক্তিশালী ভাইয়েরা স্লেজ্ গাড়িতে করে তাকে সভাগুলিতে নিয়ে এসেছিলেন।
“আমাদের সকলেই প্রচার কাজে অংশ নেন এবং যিহোবা আমাদের প্রচেষ্টাগুলিকে আশীর্বাদ করেছেন। তিনি বসনিয়াতে আমাদের ভয়াবহ অবস্থা দেখেছেন, কিন্তু তিনি বৃদ্ধি দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন—এমন বৃদ্ধি যা আমরা যুদ্ধের পূর্বে দেখিনি।”
একইভাবে, প্রাক্তন যুগোশ্লাভিয়ার অন্যান্য যুদ্ধ-বিধ্বস্ত অংশে, নিদারুণ কষ্টকর পরিস্থিতি সত্ত্বেও যিহোবার সাক্ষীরা বৃদ্ধি উপভোগ করেছেন। যিহোবার সাক্ষীদের ক্রোয়েশিয়া অফিস থেকে, সাক্ষীদের একটি দল সম্পর্কে এই বিবৃতিটি আসে: “ভেলিকা ক্লাডুশায় বসবাসকারী ভাইয়েদের চরম কঠিন সময়ের মোকাবিলা করতে হয়েছিল। শহরটিকে বেশ কয়েকবার আক্রমণ করা হয়। ভাইয়েদের ক্রোয়েশিয়ান, সারবিয়ান এবং বিভিন্ন মুসলমান সৈন্যদের কাছে তাদের নিরপেক্ষতা সম্বন্ধে ব্যাখ্যা করতে হয়েছিল। এটি নিশ্চিত যে, তাদের অনেক কিছু সহ্য করতে হয়েছিল—কারাবরণ, প্রহার, ক্ষুধা, মৃত্যুর আশঙ্কা। তবুও, তারা সকলে বিশ্বস্ততা বজায় রেখেছিলেন এবং তাদের কাজের উপর যিহোবার আশীর্বাদকে দেখার এক বিশিষ্ট সুযোগ হয়।”
এই সকল কষ্ট থাকা সত্ত্বেও, ভেলিকা ক্লাডুশায় এবং প্রতিবেশী শহর বিহাকে যিহোবার সাক্ষীরা ক্রমাগত বৃদ্ধি উপভোগ করেন যেহেতু তারা উদ্যোগ সহকারে তাদের প্রতিবেশীদের সাথে ঈশ্বরের সান্ত্বনার বার্তা বন্টন করে নেন। এই দুটি স্থানের মোট ২৬ জন রাজ্যের প্রকাশক ৩৯টি গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন!