এক কুলপতি তার ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তিত
পশ্চিম আফ্রিকার এক কুলপতি তার সমাজের লোকেদের কাছে বিশেষভাবে প্রেম ও সম্মান অর্জন করেছিলেন। বন্ধু, পরিবার এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা তার ৭৮তম জন্মদিনে তাকে অভিনন্দন জানানোর জন্য সমবেত হয়েছিল। এমন এক অনুষ্ঠানে, বক্তব্য রাখার জন্য কুলপতিটি একটি অপ্রাসঙ্গিক বিষয়কে বেছে নেন। মৃত্যুর পরের জীবন সম্পর্কে তার নিজস্ব ধারণা তিনি সেখানে ব্যক্ত করেন।
তিনি বলেন যে এই পার্থিব জগতের পরে “আরেকটি জগৎ আছে, যা হল প্রতারণা, পরশ্রীকাতরতা এবং লোভ থেকে মুক্ত।” তিনি ব্যাখ্যা করেন যে সেই জগৎটি হবে “রহস্যে আবৃত,” আর সেখানে শুধু ধার্মিক মানুষেরাই থাকবে যারা ঈশ্বরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে।
সমস্ত আফ্রিকাতে লোকেদের মধ্যে এইধরনের বিশ্বাস হল একটি অতি সাধারণ ব্যাপার। আফ্রিকার পরম্পরাগত ধর্ম অনুসারে মৃত্যুই জীবনের শেষ নয়, কিন্তু শুধুমাত্র আত্মিক জগতে তার রূপান্তর মাত্র। মৃত্যুতে একজন ব্যক্তি এই দৃশ্যত জগৎ অতিক্রম করে অদৃশ্য জগতে প্রবেশ করে। আত্মা হিসাবে ব্যক্তিটি তখন এমন এক রাজ্যে প্রবেশ করে যা হল তার পূর্বপুরুষদের আবাস।
বহু পশ্চিম আফ্রিকাবাসী বিশ্বাস করে যে পূর্বপুরুষেরা বা পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে তাদের পরিবারগুলিকে ভাল থাকার নিশ্চয়তা দেয়। ওয়েস্ট আফ্রিক্যান ট্র্যাডিশন্যাল রিলিজিয়ান নামক বইটি জানায়: “যে সব সমাজের লোকেরা এখনও পৃথিবীতে আছে এবং যারা অন্য জগতে চলে গিয়েছে, তাদের মধ্যে বিশেষ কোন পার্থক্য নেই। পৃথিবীতে থাকাকালীন এই [পূর্বপুরুষেরা] ছিলেন তাদের পরিবারের প্রাচীনবর্গ। এখন যদিও তারা আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে গিয়েছেন, তবুও তারা এখনও আত্মিক জগতে প্রাচীনের পদেই আছেন। তারা তাদের পরিবারের সর্বাঙ্গীণ মঙ্গলের কথা এখনও ভুলে যাননি।”
পরিশেষে, শুরুতে উল্লেখিত এই প্রাচীন কুলপতি তার পূর্বপুরুষদের সাথে মিলিত হবেন এবং তাদের সঙ্গে আত্মিক জগতে কাজ করবেন বলে আশা করা যায়। তিনি বলেন: “মৃত্যুর পরে জীবনের প্রতি এবং ক্রমাগতভাবে কাজ করে যাওয়ার সম্ভাবনা সম্বন্ধে আমার দৃঢ়প্রত্যয় আছে—এমনকি মৃত্যুর পরেও।”
যাইহোক, সেই কুলপতিটি তারপরে যা বলেছিলেন, সেই অনুযায়ী সানডে টাইমস্ পত্রিকা প্রস্তাব দেয় যে মৃত্যুর পরের জীবন সম্বন্ধে তিনি “সম্ভবত দৃঢ়নিশ্চিত ছিলেন না।” সমবেত জনতাকে তিনি বলেন যে, এমন একটি বইয়ের বিষয়ে তিনি শুনেছেন যাতে মৃত্যুর পরে জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুলপতিটি এই বইটি পাঁচ বছর যাবৎ খুঁজছেন। এই বইটি পড়ার জন্য তিনি এতই উদগ্রীব ছিলেন যে তিনি ১,৫০০ (ইউ. এস.) ডলারের সমমূল্য দিতে প্রস্তুত, যদি কেউ তাকে সেই বইটির একটি কপি এনে দিতে পারে।
সেই কুলপতিটি তার কষ্টের থেকে রেহাই পেতেন, যদি তিনি অপর একটি বই পড়তেন যেটি পাওয়া দুষ্কর নয়। এটি হল একটি অতি সহজলভ্য পুস্তক যা কোন মানুষের দ্বারা লিখিত নয়, কিন্তু সকল মানুষের সৃষ্টিকর্তার দ্বারা লিখিত। (১ থিষলনীকীয় ২:১৩) সেই বইটি হল বাইবেল। মৃত্যুর পরে জীবন সম্পর্কে এই বইটি কী বলে?