পাঠ ৮৭
যিশুর শেষ ভোজ
যিহুদিরা প্রতি বছর নিশান মাসের ১৪ তারিখে নিস্তারপর্ব পালন করত। এটা তাদের মনে করিয়ে দিত যে, কীভাবে যিহোবা মিশরের দাসত্ব থেকে তাদের মুক্ত করে প্রতিজ্ঞাত দেশে নিয়ে এসেছেন। ৩৩ খ্রিস্টাব্দে, যিশু এবং তাঁর প্রেরিতেরা জেরুসালেমে উপরের একটা ঘরে নিস্তারপর্ব পালন করে। ভোজের শেষে যিশু বলেন: ‘তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।’ এই কথা শুনে প্রেরিতেরা খুব দুঃখিত হয় আর তারা যিশুকে জিজ্ঞেস করে: ‘সে কে?’ যিশু বলেন: ‘যাকে আমি এই রুটি দিচ্ছি, সে-ই ওই ব্যক্তি।’ এরপর তিনি ঈষ্করিয়োতীয় যিহূদাকে রুটির একটা টুকরো দেন। সঙ্গেসঙ্গে যিহূদা উঠে সেই ঘর থেকে চলে যান।
এরপর যিশু একটা রুটি নিয়ে প্রার্থনা করেন এবং সেটা ভেঙে বাকি প্রেরিতদের হাতে দেন। তিনি তাদের বলেন: ‘নাও, এটা খাও। এটা আমার দেহকে চিত্রিত করে, যা আমি তোমাদের জন্য দেব।’ এরপর তিনি দ্রাক্ষারস নিয়ে প্রার্থনা করেন এবং তা তাঁর প্রেরিতদের দেন। তিনি বলেন: ‘এই দ্রাক্ষারস পান করো। এটা আমার রক্তকে চিত্রিত করে, যা আমি ঢেলে দেব, যাতে লোকেরা পাপের ক্ষমা লাভ করতে পারে। আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, তোমরা স্বর্গে আমার সঙ্গে রাজত্ব করবে। প্রতি বছর আমার স্মরণে এটা কোরো।’ যিশুর অনুসারীরা এখনও প্রতি বছর এই একই দিনে সন্ধ্যায় একত্রিত হয়। এটাকে এখন প্রভুর সান্ধ্যভোজ বলা হয়।
ভোজের পর, প্রেরিতেরা এই বিষয়টা নিয়ে ঝগড়া করে যে, কে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু, যিশু তাদের বলেন: ‘তোমাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ, সে নিজেকে সবচেয়ে ক্ষুদ্র হিসেবে দেখে।
‘তোমরা আমার বন্ধু। আমার পিতা তোমাদের যা যা বলতে বলেছেন, সেই সমস্ত কিছু আমি তোমাদের জানিয়েছি। আমি তোমাদের রেখে যাচ্ছি আর একে অন্যের প্রতি তোমাদের প্রেম দেখে লোকেরা জানতে পারবে যে, তোমরা আমার শিষ্য। আমি তোমাদের প্রতি যেমন প্রেম দেখিয়েছি, তেমনই তোমরাও একে অন্যের প্রতি প্রেম দেখাও।’
শেষে যিশু যিহোবার কাছে প্রার্থনা করে বলেন, যেন তিনি সমস্ত শিষ্যকে সুরক্ষা জোগান। তিনি যিহোবার কাছে অনুরোধ করেন, যেন তিনি তাদের একসঙ্গে মিলে শান্তিতে কাজ করার জন্য সাহায্য করেন। তিনি প্রার্থনা করেন, যেন যিহোবার নাম পবিত্র হয়। এরপর যিশু এবং তাঁর প্রেরিতেরা যিহোবার উদ্দেশে প্রশংসাগান গাওয়ার পর বাইরে যায়। যিশুকে গ্রেপ্তার করার সময় এগিয়ে আসে।
“হে ছোটো মেষপাল, ভয় কোরো না, কারণ তোমাদের পিতা তোমাদের উপর সন্তুষ্ট হয়ে তাঁর রাজ্য তোমাদের দেবেন।”—লূক ১২:৩২