পাঠ ৮১
পর্বতের উপরে দেওয়া উপদেশ
যিশু ১২ জন প্রেরিতকে বাছাই করার পর পর্বত থেকে নেমে এমন একটা জায়গায় আসেন, যেখানে অনেক লোক জড়ো হয়েছিল। এই লোকেরা গালীল, যিহূদিয়া, সোর, সীদোন, সিরিয়া এবং জর্ডন নদীর ওপার থেকে এসেছিল। তারা এমন লোকদের তাঁর কাছে নিয়ে আসে, যারা রোগের কারণে যন্ত্রণায় ভুগছিল আর সেইসঙ্গে মন্দ স্বর্গদূত যাদের কষ্ট দিচ্ছিল। যিশু তাদের সবাইকে সুস্থ করেন। এরপর তিনি পর্বতে উঠে সেখানে বসেন এবং কথা বলতে শুরু করেন। আমরা যদি ঈশ্বরের বন্ধু হতে চাই, তা হলে আমাদের কী করতে হবে, সেই বিষয়ে তিনি তাদের শিক্ষা দেন। আমাদের এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে, আমাদের যিহোবার নির্দেশনার প্রয়োজন রয়েছে। আর সেইসঙ্গে আমাদের এটাও শিখতে হবে যে, কীভাবে তাঁকে ভালোবাসতে হয়। কিন্তু, আমরা যদি লোকদের ভালো না বাসি, তা হলে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারব না। সবার প্রতি, এমনকী আমাদের শত্রুদের প্রতিও আমাদের দয়া দেখাতে এবং ভালো আচরণ করতে হবে।
যিশু বলেন: ‘কেবল তোমাদের বন্ধুদেরই ভালোবাসা যথেষ্ট নয়। তোমাদের শত্রুদেরও ভালোবাসতে হবে এবং লোকদের হৃদয় থেকে ক্ষমা করতে হবে। কেউ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তা হলে সঙ্গেসঙ্গে তার কাছে গিয়ে ক্ষমা চাও। অন্যেরা তোমার প্রতি যেরকম আচরণ করুক বলে তুমি চাও, তুমিও তাদের প্রতি সেইরকম আচরণ কোরো।’
এ ছাড়া, তিনি বস্তুগত বিষয় সম্বন্ধে লোকদের উপদেশ দেন। তিনি বলেন: ‘প্রচুর টাকাপয়সা থাকার চেয়ে যিহোবার বন্ধু হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। চোর তোমার টাকাপয়সা চুরি করতে পারে, কিন্তু কেউই যিহোবার সঙ্গে তোমার বন্ধুত্ব চুরি করতে পারবে না। তোমরা কী খাবে অথবা কী পান করবে কিংবা কী পরবে, সেটা নিয়ে উদ্বিগ্ন হোয়ো না। পাখিদের দিকে তাকিয়ে দেখো। ঈশ্বর সবসময়ই তাদের জন্য যথেষ্ট খাবার জুগিয়ে থাকেন। উদ্বিগ্ন হয়ে তোমরা তোমাদের আয়ু এক দিনের জন্যও বাড়াতে পারবে না। মনে রাখবে, যিহোবা জানেন, তোমাদের কী প্রয়োজন।’
লোকেরা এর আগে কাউকে কখনো যিশুর মতো এভাবে শিক্ষা দিতে শোনেনি। তাদের ধর্মীয় নেতারা এই বিষয়গুলো সম্বন্ধে তাদের শিক্ষা দিত না। কেন যিশু এত মহান এক শিক্ষক ছিলেন? কারণ তিনি যা-কিছু শিক্ষা দিতেন, সেগুলো তিনি যিহোবার কাছ থেকে শিখেছিলেন।
“আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও এবং আমার কাছ থেকে শেখো, কারণ আমি মৃদুশীল ও নম্রমনা; এতে তোমরা সতেজতা লাভ করবে।”—মথি ১১:২৯