পাঠ ৭৫
দিয়াবল যিশুকে পরীক্ষা করে
যিশু বাপ্তিস্ম নেওয়ার পরে, পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে প্রান্তরে যান। তিনি ৪০ দিন ধরে কিছুই খাননি আর তাই তাঁর ভীষণ খিদে পায়। তখন দিয়াবল যিশুকে প্রলোভন দেখানোর জন্য তাঁর কাছে আসে এবং বলে: ‘তুমি যদি সত্যিই ঈশ্বরের পুত্র হও, তা হলে এই পাথরগুলোকে বলো, যেন এগুলো রুটি হয়ে যায়।’ কিন্তু, যিশু শাস্ত্রের এই কথাগুলো উল্লেখ করে তাকে উত্তর দেন: ‘লেখা আছে, বেঁচে থাকার জন্য কেবল খাবারই যথেষ্ট নয়। এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা যেন যিহোবার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনি।’
পরে, দিয়াবল যিশুকে বলে: ‘তুমি যদি সত্যিই ঈশ্বরের পুত্র হও, তা হলে মন্দিরের সবচেয়ে উঁচু জায়গা থেকে নীচে ঝাঁপ দাও। কারণ লেখা আছে, ঈশ্বর তাঁর স্বর্গদূতদের পাঠাবেন আর তারা তোমাকে তাদের হাতে তুলে নেবে।’ কিন্তু, যিশু আবারও শাস্ত্রের কথাগুলো উল্লেখ করে তাকে বলেন: ‘লেখা আছে, তুমি তোমার ঈশ্বর যিহোবাকে পরীক্ষা করবে না।’
এরপর, শয়তান যিশুকে জগতের সমস্ত রাজ্য এবং সেগুলোর চাকচিক্য দেখায় আর বলে: ‘তুমি যদি এক বার আমাকে উপাসনা কর, তা হলে এই সমস্ত কিছুই আমি তোমাকে দিয়ে দেব।’ কিন্তু, যিশু তাকে বলেন: ‘দূর হও শয়তান! কারণ লেখা আছে, তুমি একমাত্র যিহোবাকেই উপাসনা করবে।’
তখন দিয়াবল তাঁকে ছেড়ে চলে যায়। পরে, স্বর্গদূতেরা এসে তাঁকে খেতে দেয়। এর পর থেকে যিশু ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানাতে শুরু করেন। এই কাজের জন্যই তাঁকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। যিশু লোকদের যে-শিক্ষাগুলো দিতেন, সেগুলো তাদের খুব ভালো লাগত আর তিনি যেখানেই যেতেন, তারাও তাঁর পিছনে পিছনে সেখানে যেত।
“[দিয়াবল] যখন মিথ্যা বলে, তখন নিজে থেকেই বলে, কারণ সে একজন মিথ্যাবাদী আর সে মিথ্যার পিতা।”—যোহন ৮:৪৪