পাঠ ৫১
একজন বীরযোদ্ধা এবং একটি ছোটো মেয়ে
একটি ছোটো ইজরায়েলীয় মেয়েকে তার বাড়ি থেকে অনেক অনেক দূরে সিরিয়ায় নিয়ে আসা হয়। সিরিয়ার সেনাবাহিনী জোর করে তাকে তার পরিবার থেকে সেখানে নিয়ে আসে। এখন সে নামান নামে একজন সেনাপতির স্ত্রীর দাসী হিসেবে কাজ করে। সেই ছোটো মেয়েটি যিহোবার উপাসনা করত, যদিও তার আশেপাশের লোকেরা তা করত না।
নামানের খুব মারাত্মক এক চামড়ার রোগ ছিল, যেটাকে বলা হয় কুষ্ঠ রোগ। এই রোগের কারণে তিনি সবসময় যন্ত্রণা ভোগ করতেন। ছোটো মেয়েটি তাকে সত্যিই সাহায্য করতে চেয়েছিল। তাই, সে নামানের স্ত্রীকে বলে: ‘আমি এমন একজন ব্যক্তিকে জানি, যিনি আপনার স্বামীকে সুস্থ করতে পারেন। তার নাম ইলীশায়। তিনি যিহোবার একজন ভাববাদী আর তিনি ইজরায়েলে থাকেন।’
সেই ছোটো মেয়েটি যা যা বলেছে, নামানের স্ত্রী সেগুলো নামানকে জানান। নামান সুস্থ হওয়ার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত ছিলেন আর তাই তিনি ইজরায়েলে ইলীশায়ের বাড়িতে যান। তিনি চিন্তা করেন, যেহেতু তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, তাই ইলীশায় নিজে তার সঙ্গে দেখা করতে আসবেন। কিন্তু, ইলীশায় নিজে না এসে বরং তার পরিচারককে পাঠান এবং এই কথা বলেন: ‘আপনি গিয়ে জর্ডন নদীতে সাত বার ডুব দিন, এতে আপনি সুস্থ হয়ে যাবেন।’
নামান এই কথা শুনে প্রচণ্ড রেগে যান। তিনি বলেন: ‘আমি ভেবেছিলাম, এই ভাববাদী বেরিয়ে এসে তার ঈশ্বরের নামে ডাকবেন আর আমার শরীরের উপর হাত নাড়িয়ে আমাকে সুস্থ করবেন। কিন্তু, তিনি আমাকে ইজরায়েলের একটা নদীতে যেতে বলছেন। এর চেয়ে ভালো নদী তো আমাদের সিরিয়া দেশে রয়েছে। আমি কি সেখানেই যেতে পারতাম না?’ নামান প্রচণ্ড রাগ করে ইলীশায়ের বাড়ি থেকে চলে যান।
কিন্তু, নামানের দাসেরা তাকে ভালোভাবে চিন্তা করার জন্য সাহায্য করে। তারা তাকে বলে: ‘আপনি কি সুস্থ হওয়ার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত ছিলেন না? এই ভাববাদী আপনাকে খুব সহজ একটা কাজ করতে বলেছেন। কেন আপনি তা করতে চাইছেন না?’ তাদের কথা শুনে নামান জর্ডন নদীতে ডুব দেওয়ার জন্য রাজি হন। সেখানে গিয়ে তিনি সাত বার ডুব দেন। সপ্তম বার ডুব দেওয়ার পর তিনি যখন জল থেকে ওঠেন, তখন তিনি একেবারে সুস্থ হয়ে যান। তিনি অনেক কৃতজ্ঞ হন এবং ইলীশায়কে ধন্যবাদ দেওয়ার জন্য তার কাছে ফিরে যান। নামান তাকে বলেন: ‘এখন আমি জানতে পারলাম, যিহোবাই সত্য ঈশ্বর।’ নামান যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন, তখন সেই ছোটো ইজরায়েলীয় মেয়ের কেমন লেগেছিল বলে তুমি মনে কর?
“ছোটো ছেলে-মেয়েরা আর এমনকী নবজাত শিশুরা তোমার প্রশংসা করবে।”—মথি ২১:১৬