পাঠ ২৭
তারা যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করে
কিছু সময় পরে, ইজরায়েলীয়েরা যখন প্রান্তরে ছিল, তখন কোরহ, দাথন, অবীরাম এবং ২৫০ জন ব্যক্তি মোশির বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা মোশিকে বলে: ‘অনেক হয়েছে! কে তোমাকে আমাদের উপর নেতা করেছে আর কে হারোণকে মহাযাজক করেছে? যিহোবা শুধু তোমার ও হারোণের সঙ্গেই রয়েছেন এমন নয়, তিনি আমাদের সবার সঙ্গেও রয়েছেন।’ যিহোবা এতে খুশি হননি। যিহোবার কাছে এটা এমন ছিল যেন তারা তাঁরই বিরুদ্ধে বিদ্রোহ করছে!
কোরহ এবং তার সঙ্গীদের মোশি বলেন: ‘আগামীকাল তোমরা সবাই পবিত্র তাঁবুর কাছে আসবে। আর তোমরা সঙ্গে করে ধূপদানি ও ধূপ নিয়ে আসবে। যিহোবা আমাদের দেখাবেন, তিনি কাকে বেছে নিয়েছেন।’
পরের দিন, কোরহ এবং ২৫০ জন ব্যক্তি পবিত্র তাঁবুর সামনে মোশির সঙ্গে দেখা করার জন্য আসে। তারা সেখানে এসে এমনভাবে ধূপ জ্বালায়, যেন তারাই যাজক। যিহোবা মোশি ও হারোণকে বলেন: ‘তোমরা কোরহ এবং তার সঙ্গীদের সামনে থেকে সরে যাও।’
মোশি যেখানে ছিলেন, কোরহ সেই পবিত্র তাঁবুর কাছে যান। কিন্তু দাথন, অবীরাম এবং তাদের পরিবার সেখানে যেতে চায় না। যিহোবা ইজরায়েলীয়দের বলেন, তারা যেন কোরহ, দাথন ও অবীরামের তাঁবুর কাছ থেকে দূরে চলে যায়। ইজরায়েলীয়েরা সঙ্গেসঙ্গে সেখান থেকে চলে যায়। দাথন, অবীরাম এবং তাদের পরিবার নিজেদের তাঁবুর সামনেই দাঁড়িয়ে থাকে। এরপর হঠাৎ মাটি দু-ভাগ হয়ে যায় আর তারা সবাই মাটির নীচে চাপা পড়ে! পবিত্র তাঁবুর কাছে আকাশ থেকে আগুন নেমে আসে আর কোরহ এবং তার ২৫০ জন সঙ্গী পুড়ে ছাই হয়ে যায়।
এরপর, যিহোবা মোশিকে বলেন: ‘প্রত্যেক বংশের নেতার কাছ থেকে একটা করে লাঠি নাও আর সেটাতে তাদের নাম লেখো। কিন্তু, লেবীয় বংশের লাঠিতে হারোণের নাম লেখো। এই লাঠিগুলো নিয়ে পবিত্র তাঁবুর ভিতরে রাখো। আমি যে-ব্যক্তিকে বেছে নেব, তার লাঠিতে ফুল ফুটবে।’
পরের দিন, মোশি সমস্ত লাঠি বাইরে নিয়ে আসেন আর নেতাদের সেগুলো দেখান। হারোণের লাঠিতে ফুল ফুটেছিল আর সেটাতে বাদামও ছিল। এভাবে যিহোবা নিশ্চিত করেছিলেন যে, তিনি হারোণকেই মহাযাজক হিসেবে বেছে নিয়েছেন।
“যারা তোমাদের মধ্যে নেতৃত্ব নেন, তাদের বাধ্য হও এবং বশীভূত হও।”—ইব্রীয় ১৩:১৭