পাঠ ২০
পরের ছ-টা আঘাত
মোশি ও হারোণ গিয়ে ফরৌণকে ঈশ্বরের এই বার্তা জানায়: ‘তুমি যদি আমার লোকদের যেতে না দাও, তা হলে আমি সারা দেশে রক্তচোষা মাছি পাঠাব।’ ধনী-গরিব সমস্ত মিশরীয়ের বাড়িতে ঝাঁকে ঝাঁকে সেই মাছি ঢুকে পড়ে। সারা দেশ মাছিতে ভরে যায়। কিন্তু, গোশন এলাকায় কোনো মাছি ছিল না। চতুর্থ আঘাত থেকে শুরু করে বাকি আঘাতগুলো কেবল মিশরীয়দের উপরই আসে। ফরৌণ অনুরোধ করে বলেন: ‘যিহোবার কাছে মিনতি করো যেন তিনি মাছিগুলো দূর করে দেন। তোমার লোকেরা যেতে পারে।’ কিন্তু, যিহোবা যখন রক্তচোষা মাছিগুলোকে দূর করে দেন, তখন ফরৌণ তার মন পালটে ফেলেন। ফরৌণ কি কখনো শিক্ষা লাভ করতে পেরেছিলেন?
যিহোবা বলেন: ‘ফরৌণ যদি আমার লোকদের যেতে না দেয়, তা হলে মিশরীয়দের পশুপাল অসুস্থ হয়ে মারা যাবে।’ পরের দিন ঠিক এমনটাই হয়। তাদের পশুপাল মরতে শুরু করে। তবে, ইজরায়েলীয়দের পশুপাল মারা যায়নি। তারপরও, ফরৌণ তার জেদ ছাড়েন না আর লোকদের যেতে দেন না।
পরে, যিহোবা মোশিকে ফরৌণের কাছে গিয়ে আকাশের দিকে ছাই ছড়াতে বলেন। ছাই ধুলো হয়ে পুরো বাতাসে ছড়িয়ে পড়ে এবং তা সমস্ত মিশরীয়দের ওপর গিয়ে পড়ে। এর ফলে, সমস্ত মিশরীয় এবং তাদের পশুপালের গায়ে যন্ত্রণাদায়ক ফোঁড়া বের হতে শুরু করে। এর পরেও, ফরৌণ ইজরায়েলীদের যেতে দিতে চান না।
যিহোবা মোশিকে আবার ফরৌণের কাছে পাঠান এবং তাকে এই কথা বলতে বলেন: ‘তুমি কি এখনও আমার লোকদের যেতে দিতে চাইছ না? কাল এই দেশে শিলাবৃষ্টি হবে।’ পরের দিন যিহোবা বজ্রপাত-সহ শিলাবৃষ্টি ও আগুন বর্ষণ করলেন। মিশরে এর আগে কখনো এমন ঝড়-বৃষ্টি দেখা যায়নি। সমস্ত গাছপালা এবং শস্য নষ্ট হয়ে যায়, তবে গোশনে কিছুই হয় না। ফরৌণ বলেন: ‘যিহোবার কাছে মিনতি করো, যেন তিনি এগুলো থামিয়ে দেন! এরপর, তোমরা যেতে পারবে!’ কিন্তু, শিলাবৃষ্টি বন্ধ হতে-না-হতেই ফরৌণ তার মন পালটে ফেলেন।
পরে মোশি বলেন: ‘এবার পঙ্গপাল এসে সেই গাছপালা খেয়ে ফেলবে, যেগুলো শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছে।’ লক্ষ লক্ষ পঙ্গপাল এসে মাঠে ও গাছে যা-কিছু অবশিষ্ট ছিল, সেগুলো সব খেয়ে ফেলে। ফরৌণ অনুরোধ করে বলেন: ‘যিহোবার কাছে বিনতি কর, যেন তিনি এই পঙ্গপাল দূর করেন।’ যিহোবা এই পঙ্গপাল দূর করে দেন। কিন্তু, তারপরও ফরৌণ তার জেদ ছাড়েন না।
যিহোবা মোশিকে বলেন: ‘তোমার হাত আকাশের দিকে বাড়াও।’ এমনটা করা মাত্রই, আকাশ পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যায়। তিন দিন ধরে মিশরীয়েরা কোনো কিছুই দেখতে পায় না। এমনকী তারা একজন আরেকজনকেও দেখতে পায় না। শুধুমাত্র ইজরায়েলীয়দের এলাকাতেই আলো ছিল।
ফরৌণ মোশিকে বলেন: ‘তুমি এবং তোমার লোকেরা যেতে পার। শুধু তোমাদের পশুপাল এখানে রেখে যাও।’ মোশি বলেন: ‘আমাদের অবশ্যই পশুপাল সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ আমরা সেগুলো আমাদের ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করব।’ এই কথা শুনে ফরৌণ খুব রেগে যান। তিনি চিৎকার করে মোশিকে বলেন: ‘আমার সামনে থেকে চলে যাও! তুমি যদি আর কখনো আমার সামনে আস, তা হলে আমি তোমাকে মেরে ফেলব।’
“তোমরা ফিরিয়া আসিবে, এবং ধার্ম্মিক ও দুষ্টের মধ্যে, যে ঈশ্বরের সেবা করে, ও যে তাঁহার সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে।”—মালাখি ৩:১৮