পাঠ ১৭
মোশি যিহোবাকে উপাসনা করা বেছে নেন
মিশরে যাকোবের পরিবার ইজরায়েলীয় হিসেবে পরিচিত হয়ে ওঠে। যাকোব ও যোষেফ মারা যাওয়ার পর একজন নতুন ফরৌণ শাসন করতে শুরু করেন। তিনি এটা দেখে ভয় পাচ্ছিলেন যে, ইজরায়েলীয়েরা মিশরীয়দের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। তাই, ফরৌণ ইজরায়েলীয়দের দাস করে তোলেন। তিনি তাদের দিয়ে জোর করে ইট তৈরি করান এবং জমিতে প্রচুর কাজ করান। যদিও মিশরীয়েরা তাদের দিয়ে জোর করে পরিশ্রম করাচ্ছিল, তারপরও ইজরায়েলীয়েরা সংখ্যায় দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তবে, ফরৌণের এটা ভালো লাগেনি। তাই, তিনি আদেশ দেন যাতে সমস্ত নবজাত ইজরায়েলীয় ছেলেসন্তানকে হত্যা করা হয়। তুমি কি কল্পনা করতে পার, সেই সময়টাতে ইজরায়েলীয়েরা কত ভয়ের মধ্যে ছিল?
যোকেবদ নামে একজন ইজরায়েলীয় মহিলার খুব সুন্দর একটি ছেলেসন্তান ছিল। তাকে সুরক্ষিত রাখার জন্য যোকেবদ তাকে একটা ঝুড়ির মধ্যে রেখে সেই ঝুড়িটা নিল নদের নলখাগড়ার বনে অর্থাৎ লম্বা লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে রাখেন। মোশির দিদি মরিয়ম কাছাকাছি দাঁড়িয়ে থাকেন আর কী হয়, তা দেখার জন্য অপেক্ষা করেন।
ফরৌণের মেয়ে সেই নদীতে স্নান করতে আসেন এবং ঝুড়িটা দেখতে পান। তিনি দেখেন, ঝুড়ির মধ্যে একটা বাচ্চা কাঁদছে আর বাচ্চাটাকে দেখে তার খুব মায়া লাগে। মরিয়ম ফরৌণের মেয়েকে জিজ্ঞেস করেন: ‘আমি কি আপনার জন্য একজন মহিলাকে ডেকে আনব, যিনি আপনার হয়ে বাচ্চাটিকে স্তন্যপান করাতে পারবে?’ ফরৌণের মেয়ে যখন বলেন, হ্যাঁ নিয়ে এসো, তখন মরিয়ম তার মা যোকেবদকে নিয়ে আসে। ফরৌণের মেয়ে তাকে বলেন: ‘এই বাচ্চাটিকে নিয়ে গিয়ে আমার হয়ে স্তন্যপান করাও। এর জন্য আমি তোমাকে বেতন দেব।’
বাচ্চাটি যখন বড়ো হয়, তখন যোকেবদ তাকে ফরৌণের মেয়ের কাছে নিয়ে যান আর তিনি তার নাম রাখেন মোশি। মোশিকে তিনি নিজের ছেলের মতো মানুষ করেন। মোশি রাজপুত্র হিসেবে বড়ো হয়ে ওঠেন আর তিনি যা চাইতেন, তা-ই লাভ করতে পারতেন। কিন্তু, মোশি কখনো যিহোবাকে ভুলে যাননি। তিনি জানতেন, তিনি আসলে একজন ইজরায়েলীয়, মিশরীয় নন। আর তিনি যিহোবাকে সেবা করা বেছে নেন।
৪০ বছর বয়সে মোশি সিদ্ধান্ত নেন, তিনি তার লোকদের সাহায্য করবেন। একবার তিনি যখন দেখেন, একজন মিশরীয় এক ইজরায়েলীয় দাসকে মারধর করছে, তখন মোশি সেই মিশরীয়কে এত জোরে আঘাত করেন যে, তিনি মারা যান। মোশি তার দেহটা বালির মধ্যে লুকিয়ে রাখেন। ফরৌণ যখন এটা জানতে পারেন, তখন তিনি মোশিকে মেরে ফেলার চেষ্টা করেন। কিন্তু, মোশি মিদিয়ন দেশে পালিয়ে যান। যিহোবা সেখানে তার যত্ন নেন।
“বিশ্বাসের কারণেই মোশি . . . ফরৌণের মেয়ের ছেলে বলে পরিচিত হওয়াকে প্রত্যাখ্যান করেছিলেন; তিনি . . . ঈশ্বরের লোকদের সঙ্গে অত্যাচার ভোগ করা বেছে নিয়েছিলেন।”—ইব্রীয় ১১:২৪, ২৫