খণ্ড ৬
যিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
স্বর্গদূত গাব্রিয়েলকে মরিয়ম নামে এক চমৎকার যুবতীর কাছে পাঠানো হয়েছিল। তিনি তাকে বলেছিলেন যে, তার একটি সন্তান হবে, যে-সন্তান চিরকাল রাজা হিসেবে শাসন করবেন। সেই সন্তান অর্থাৎ যিশু একটা আস্তাবলে জন্মগ্রহণ করেন, যেখানে মেষপালকরা তাঁকে দেখতে এসেছিল। পরে, একটা তারা কয়েক জন পুরুষকে পথ দেখিয়ে পূর্বদেশ থেকে এই শিশুর কাছে নিয়ে এসেছিল। আমরা জানব যে, কে তাদেরকে সেই তারা দেখিয়েছিল আর যিশুকে যে মেরে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল, সেটা থেকে কীভাবে তিনি রক্ষা পেয়েছিলেন।
তারপর, আমরা যিশুকে দেখতে পাই, যখন তাঁর বয়স বারো বছর আর তখন তিনি মন্দিরে শিক্ষাগুরুদের সঙ্গে কথা বলছিলেন। সেই ঘটনার আঠারো বছর পর যিশু বাপ্তিস্ম নিয়েছিলেন আর এরপর তিনি রাজ্যের প্রচার ও শিক্ষাদানের কাজ শুরু করেছিলেন, যা করার জন্য ঈশ্বর তাঁকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাঁকে এই কাজ করতে সাহায্য করার জন্য যিশু বারো জন ব্যক্তিকে বেছে নিয়েছিলেন এবং তাদেরকে তাঁর প্রেরিত হিসেবে নিযুক্ত করেছিলেন।
তা ছাড়া, যিশু অনেক অলৌকিক কাজ করেছিলেন। তিনি শুধুমাত্র কয়েকটা ছোটো মাছ ও কয়েক টুকরো রুটি দিয়ে হাজার হাজার লোককে খাইয়েছিলেন। তিনি অসুস্থদের সুস্থ করেছিলেন আর এমনকী মৃতদের জীবিত করেছিলেন। অবশেষে, আমরা যিশুর জীবনের শেষের দিকে ঘটা অনেক বিষয় সম্বন্ধে আর কীভাবে তাঁকে মেরে ফেলা হয়, সেই সম্বন্ধে জানব। যিশু প্রায় সাড়ে তিন বছর প্রচার করেছিলেন, তাই সব মিলিয়ে ষষ্ঠ খণ্ডে চৌত্রিশ বছরের চেয়ে একটু বেশি সময়ের ইতিহাস রয়েছে।