জর্জিয়া—এক প্রাচীন উত্তরাধিকার সংরক্ষিত
সচেতন থাক! সংবাদদাতা কর্তৃক
এমন একটি দেশ, যেখানে ৪,৬০০ মিটার তুষারাবৃত পাহাড়ের মধ্যে দিয়ে উৎপাদনশীল উপত্যকাগুলি রয়েছে, যেখানে কিছু লোকেরা ১০০ বা তারও বেশি বছর বেঁচে থাকেন, সেখানে বাস করতে আপনি কেমন অনুভব করবেন? জর্জিয়ার অধিবাসীদের জন্য এটি কেবল স্বপ্ন নয়। এটি বাস্তব।
ভৌগলিক ও সাংস্কৃতিক দিক দিয়ে জর্জিয়া ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সীমানায় অবস্থিত। প্রাচীনকালে, জর্জিয়া প্রসিদ্ধ সিল্ক রোডের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান ছিল, সেই একই রাস্তা দিয়ে মার্কো পোলো চীন গিয়েছিলেন। পূর্ব ও পশ্চিমের মধ্যে এই যোগাযোগের দ্বারা জর্জিয়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে উপকৃত হত কিন্তু মাঝে মাঝে আক্রমণকারীরা লক্ষ্য করেছিল যে এই পথ অতিক্রম করা লাভজনক। একটি হিসাব অনুসারে, জর্জিয়ার রাজধানী, টিবলিসি ২৯ বার ধ্বংস হয়েছে! ভূগর্ভস্থ পথ ও আধুনিক অট্টালিকাগুলির সাথে শিল্পকর্ম খচিত দীর্ঘস্থায়ী স্মৃতিসৌধগুলি নিয়ে টিবলিসি আজ কর্মব্যস্ত ও প্রাণবন্ত এক নগরী।
জর্জিয়ার ভূখণ্ডের প্রায় শতকরা ৮৭ ভাগ পার্বত্য এলাকা। তুষারাবৃত ও জনশূন্য পার্বত্য অঞ্চল থেকে এবং নিম্নভূমির মধ্য দিয়ে ২৫,০০০টি নদী প্রবাহিত হয়েছে, যেগুলির বেশির ভাগই মাছে ভরপুর। সেই দেশের এক-তৃতীয়াংশের অধিক অঞ্চল বনভূমি দ্বারা অথবা ঘন ঝোপঝাড়ের দ্বারা আবৃত। ককেসাস পর্বত জর্জিয়ার উত্তর সীমান্তে বিস্তৃত যা দেশের অন্তবর্তী অঞ্চলকে, উত্তর দিক থেকে আসা হিমশীতল আবহাওয়া থেকে রক্ষা করে। এই অবস্থা কৃষ্ণ সাগর থেকে আসা আর্দ্র হাওয়ার মাধ্যমে জর্জিয়ার পশ্চিমাঞ্চলকে উষ্ণ করে—জর্জিয়া যে জন্য অবকাশ উদ্যাপনকারীদের এক প্রিয় স্থান হয়ে এসেছে, তা হল এর একটি কারণ। এছাড়াও মৃদু জলবায়ু বিশ্বের সবচেয়ে পুরনো ও উত্তম মদ-তৈরির ঐতিহ্যের মধ্যে একটি অবদান রেখেছে। আসলে, জর্জিয়ায় ৫০০ এর চেয়েও বেশি বিভিন্ন প্রকারের আঙ্গুর ও মদ উৎপন্ন হয়!
কিন্তু জর্জিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ হল এর অধিবাসী। ইতিহাসব্যাপী তারা তাদের সাহস, বুদ্ধিমত্তা ও উদার অতিথিসেবা আর সেই সাথে তাদের কৌতুকরসবোধ ও জীবনের প্রতি প্রেমের জন্য পরিচিত হয়ে এসেছে। তাদের সংস্কৃতি, গান ও নাচে সমৃদ্ধশালী আর জর্জিয়ার গৃহগুলিতে খাবারের পর, এখনও প্রায়ই লোক সংগীত গাওয়া হয়।
এছাড়া জর্জিয়ার এক দীর্ঘ সাহিত্যানুগ ইতিহাস রয়েছে যা পঞ্চম শতাব্দী থেকে শুরু হয়েছিল। প্রাথমিকভাবে যে ভাষাগুলিতে বাইবেল অনুবাদিত হয়েছিল সেগুলির মধ্যে জর্জিয় হল একটি ভাষা যেখানে স্বতন্ত্র ও চমৎকার জর্জিয় স্বরবর্ণ ব্যবহার করা হয়েছিল। এই সমস্ত সংস্কৃতি জর্জিয়ার অতীতের সাথে এক জীবন্ত সংযোগ রক্ষা করে—আধুনিক দেশে এক প্রাচীন উত্তরাধিকার সংরক্ষিত।
[২৫ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
Pat O’Hara/Corbis
[২৬ পৃষ্ঠার চিত্র]
১. জর্জিয় বাইবেল
২. কিছু অধিবাসী ১০০ বা তারও বেশি বছর বেঁচে আছেন!
৩. টিবলিসির এক ব্যস্ত রাস্তা
[সজন্যে]
Dean Conger/Corbis