পিতরের দ্বিতীয় চিঠি
১ আমি শিমোন পিতর, যিশু খ্রিস্টের একজন দাস ও প্রেরিত, সেই ব্যক্তিদের প্রতি এই চিঠি লিখছি, যারা আমাদের ঈশ্বরের এবং আমাদের ত্রাণকর্তা যিশু খ্রিস্টের ধার্মিকতার মাধ্যমে আমাদের মতো এক বহুমূল্য বিশ্বাস লাভ করেছে।
২ তোমরা ঈশ্বর এবং আমাদের প্রভু যিশুর বিষয়ে সঠিক জ্ঞান লাভ করে চলো, যাতে ঈশ্বর প্রচুর পরিমাণে তোমাদের প্রতি তাঁর মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। ৩ ঈশ্বরের মহৎ শক্তির মাধ্যমে আমরা এমন সমস্ত কিছু পেয়েছি,* যেগুলো ঈশ্বরের প্রতি ভক্তি সহকারে জীবনযাপন করার জন্য প্রয়োজন। আমরা এগুলো পেয়েছি, কারণ আমরা সেই ঈশ্বর সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করেছি, যিনি নিজের মহিমা ও সদ্গুণের দ্বারা আমাদের আহ্বান করেছেন। ৪ এই মহিমা ও সদ্গুণের দ্বারা তিনি আমাদের বহুমূল্য এবং অত্যন্ত মহৎ প্রতিশ্রুতি সকল দিয়েছেন,* যাতে এই প্রতিশ্রুতিগুলোর মাধ্যমে তোমরা ঈশ্বরের মহিমার অংশী হতে পার। আর তিনি এই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, কারণ আমরা জগতের সেই কলুষতা থেকে পালিয়ে এসেছি, যা মন্দ আকাঙ্ক্ষার* দ্বারা উৎপন্ন হয়।
৫ এই কারণে তোমরা প্রাণপণ চেষ্টা করে তোমাদের বিশ্বাসের সঙ্গে সদ্গুণ, সদ্গুণের সঙ্গে জ্ঞান, ৬ জ্ঞানের সঙ্গে আত্মসংযম, আত্মসংযমের সঙ্গে ধৈর্য, ধৈর্যের সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্তি, ৭ ঈশ্বরের প্রতি ভক্তির সঙ্গে ভ্রাতৃপ্রেম এবং ভ্রাতৃপ্রেমের সঙ্গে সকলের প্রতি প্রেম যুক্ত করো। ৮ কারণ তোমাদের মধ্যে যদি এই গুণগুলো প্রচুর পরিমাণে থাকে, তা হলে তোমরা আমাদের প্রভু যিশু খ্রিস্ট সম্বন্ধীয় সঠিক জ্ঞানের সঙ্গে মিল রেখে কাজ করবে এবং তোমরা নিষ্ক্রিয় বা নিষ্ফল হয়ে পড়বে না।
৯ কারণ যার মধ্যে এই গুণগুলো নেই, সে অন্ধ, সে আলো দেখতে প্রত্যাখ্যান করে* এবং সে এও ভুলে গিয়েছে যে, তাকে তার অতীতের পাপগুলো থেকে শুচি করা হয়েছে। ১০ অতএব, হে ভাইয়েরা, তোমাদের যে আহ্বান ও মনোনীত করা হয়েছে, সেই সুযোগ ধরে রাখার জন্য আরও বেশি প্রচেষ্টা করো, কারণ তোমরা যদি এই গুণগুলো বৃদ্ধি কর, তা হলে তোমরা কখনো ব্যর্থ হবে না। ১১ আসলে, এভাবেই আমাদের প্রভু ও ত্রাণকর্তা যিশু খ্রিস্টের অনন্তকালীন রাজ্যে তোমাদের সগৌরবে প্রবেশ করার অধিকার* দেওয়া হবে।
১২ এইজন্যই আমি সবসময় এই বিষয়গুলো তোমাদের মনে করিয়ে দিচ্ছি, যদিও তোমরা এগুলো জান এবং তোমরা যে-সত্য শিখেছ, তাতে সুস্থির রয়েছ। ১৩ কিন্তু, আমি যতদিন এই তাঁবুতে* রয়েছি, ততদিন এই বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার মাধ্যমে তোমাদের উদ্দীপিত করাকে সঠিক বলে মনে করি, ১৪ কারণ আমি জানি, আমাকে শীঘ্র এই তাঁবু ত্যাগ করতে হবে, যেমনটা আমাদের প্রভু যিশু খ্রিস্টও আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন। ১৫ তাই, আমি সবসময় আমার যথাসাধ্য করব, যেন আমি চলে যাওয়ার পরও তোমরা নিজেরাই এই বিষয়গুলো স্মরণ করতে পার।
১৬ আমরা মানুষের তৈরি কোনো মিথ্যা গল্পের উপর ভিত্তি করে আমাদের প্রভু যিশু খ্রিস্টের ক্ষমতা ও উপস্থিতির বিষয়টা তোমাদের জানাইনি, বরং আমরা নিজের চোখে তাঁর প্রতাপ দেখেছিলাম। ১৭ কারণ তিনি পিতা ঈশ্বরের কাছ থেকে সমাদর ও মহিমা লাভ করেছিলেন। এটা সেইসময় ঘটেছিল, যখন মহিমার ঈশ্বর তাঁর উদ্দেশে এই কথাগুলো বলেছিলেন: “ইনি আমার প্রিয় পুত্র, তাঁর উপর আমি খুব সন্তুষ্ট।” ১৮ হ্যাঁ, আমরা যখন তাঁর সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম, তখন আকাশ থেকে বলা এই কথাগুলো আমরা শুনেছিলাম।
১৯ এভাবে ভবিষ্যদ্বাণীর উপর আমাদের আস্থা আরও বেশি দৃঢ় করা হয়েছে আর তোমরা সেই ভবিষ্যদ্বাণীর প্রতি মনোযোগ দিয়ে ভালোই করছ, যা তোমাদের হৃদয়ে আলো দিচ্ছে, ঠিক যেমন প্রদীপ অন্ধকারময় স্থানে আলো দেয় (যতক্ষণ না ভোর হয় এবং শুকতারা না ওঠে)। ২০ প্রথমে তোমরা এই বিষয়টা জেনে রাখ যে, শাস্ত্রের কোনো ভবিষ্যদ্বাণী মানুষের নিজের ধারণা নয়। ২১ কারণ ভবিষ্যদ্বাণী কখনো মানব উৎস থেকে আসেনি, বরং পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে মানুষ ঈশ্বরের কাছ থেকে যে-বার্তা পেয়েছেন, তা-ই জানিয়েছেন।
২ কিন্তু, ইজরায়েলীয়দের মধ্যে যেমন মিথ্যা ভাববাদীদের দেখা গিয়েছিল, তেমনই তোমাদের মধ্যেও মিথ্যা শিক্ষকদের দেখা যাবে। তারা গোপনে বিভেদ সৃষ্টি করবে, যার ফলে তোমাদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এমনকী যিনি তাদের কিনেছেন, সেই প্রভুকে পর্যন্ত তারা অস্বীকার করবে আর তাই তারা নিজেদের উপর দ্রুত ধ্বংস ডেকে আনবে। ২ তাদের দেখাদেখি অনেকে নির্লজ্জভাবে পাপ কাজ* করবে এবং তাদের কারণে সত্যের পথ নিন্দিত হবে। ৩ আর তারা লোভের বশে ছলনাপূর্ণ কথা বলে তোমাদের প্রতারিত করার চেষ্টা করবে। কিন্তু, তাদের জন্য অনেক আগেই শাস্তি নির্ধারণ করা হয়েছে আর তা আসতে দেরি হবে না, তারা ধ্বংস হবেই।
৪ কারণ ঈশ্বর সেই স্বর্গদূতদের শাস্তি থেকে রেহাই দেননি, যারা পাপ করেছিল। তিনি তাদের টারটারাসে* নিক্ষেপ করেছেন, তাদের বিচারের জন্য ঘোর অন্ধকারে শিকল দিয়ে বেঁধে রেখেছেন।* ৫ আর তিনি এক প্রাচীন জগৎকেও শাস্তি থেকে রেহাই দেননি, তবে অন্য সাত জনের সঙ্গে সঙ্গে তিনি নোহকে রক্ষা করেছিলেন, যিনি ঈশ্বরের সঠিক পথ সম্বন্ধে প্রচার করেছিলেন। ঈশ্বর নোহকে সেইসময় রক্ষা করেছিলেন, যখন তিনি ঈশ্বরভক্তিহীন লোকদের এক জগতের উপর জলপ্লাবন এনেছিলেন। ৬ আর সদোম ও ঘমোরা নগরকে পুড়িয়ে ছাই করে দেওয়ার মাধ্যমে তিনি সেই নগরের লোকদের শাস্তি দিয়েছিলেন আর এভাবে ঈশ্বরভক্তিহীন লোকদের উপর যা আসতে যাচ্ছে, সেই বিষয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ৭ আর তিনি ধার্মিক লোটকে উদ্ধার করেছিলেন, যিনি মন্দ লোকদের নির্লজ্জভাবে করা পাপ কাজের* কারণে অত্যন্ত কষ্ট পেতেন। ৮ হ্যাঁ, সেই ধার্মিক ব্যক্তি তাদের মাঝে বাস করার সময় তাদের মন্দ কাজকর্ম দেখে এবং সেগুলো সম্বন্ধে শুনে প্রতিদিন যন্ত্রণা ভোগ করতেন। ৯ অতএব, যিহোবা* জানেন, যারা ঈশ্বরের প্রতি ভক্তি দেখায়, তাদের কীভাবে পরীক্ষা থেকে উদ্ধার করতে হয় আর যারা অধার্মিক, তাদের কীভাবে বিচারদিনে ধ্বংস করার* জন্য রাখতে হয়, ১০ বিশেষ করে যারা অন্যদের দেহকে অশুচি করার চেষ্টা করে এবং যারা কর্তৃত্বে থাকা ব্যক্তিদের তুচ্ছ করে।
তারা দুঃসাহসী ও স্বেচ্ছাচারী এবং ঈশ্বর যে-লোকদের সমাদর করেন, তাদের নিন্দা করতেও ভয় পায় না। ১১ অথচ স্বর্গদূতেরা মিথ্যা শিক্ষকদের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও, যিহোবার* প্রতি সম্মানের কারণে* নিন্দাজনক শব্দ ব্যবহার করে সেই মিথ্যা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করেন না। ১২ কিন্তু, এই ব্যক্তিরা যা জানে না, সেই বিষয়ে নিন্দা করে, ঠিক সেই নির্বোধ পশুদের মতো, যে-পশুরা সহজাত প্রবৃত্তির দ্বারা চলে এবং ধরা পড়ার এবং হত হওয়ার জন্যই জন্মায়। তাদের মন্দ কাজই তাদের ধ্বংসের দিকে ঠেলে দেবে ১৩ এবং তারা নিজেদের মন্দ কাজের পরিণাম স্বরূপ শাস্তি ভোগ করবে।
তারা মাংসিক আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করাকে উপভোগ্য বলে মনে করে আর তা এমনকী দিনের বেলাতেও। তারা তোমাদের মধ্যে দাগ ও কলঙ্কের মতো, যারা তোমাদের সঙ্গে ভোজে উপস্থিত থাকার সময় তাদের প্রতারণাপূর্ণ শিক্ষাগুলোর দ্বারা অন্যদের ভ্রান্ত করে আনন্দ পায়। ১৪ তাদের চোখ কামনায়* পূর্ণ, তারা পাপ করা থেকে বিরত হতে পারে না আর তারা বিশ্বাসে দুর্বল এমন ব্যক্তিদের* প্রলোভিত করে। তাদের হৃদয় লোভে পরিপূর্ণ।* তারা অভিশপ্ত সন্তান। ১৫ সরল পথ ত্যাগ করে তারা ভুল পথে পরিচালিত হয়েছে। তারা বিয়োরের পুত্র বিলিয়মের পথ অনুসরণ করেছে, যে মন্দ কাজের বেতন পেতে ভালোবাসত। ১৬ কিন্তু, তার নিজের অপরাধের কারণে তাকে তিরস্কার করা হয়েছিল। বাক্শক্তিহীন একটা গাধা মানুষের মতো কথা বলে সেই ভাববাদীকে নির্বোধের মতো কাজ করায় বাধা দিয়েছিল।
১৭ তারা শুকিয়ে যাওয়া জলের উৎসের মতো এবং ঝোড়ো বাতাসে ভেসে যাওয়া মেঘের মতো আর তাদের জন্য ঘোর অন্ধকার সংরক্ষিত আছে। ১৮ তারা বড়ো বড়ো কথা বলে, যেগুলো আসলে মূল্যহীন। তারা অন্যদের মাংসিক আকাঙ্ক্ষা জাগিয়ে তোলার মাধ্যমে এবং নির্লজ্জভাবে করা নিজেদের পাপ কাজের* দ্বারা সেই লোকদের প্রলোভিত করে, যারা অন্যায়কারীদের কাছ থেকে সবেমাত্র পালিয়ে এসেছে। ১৯ তারা সেই ব্যক্তিদের কাছে স্বাধীনতার বিষয়ে প্রতিজ্ঞা করে অথচ নিজেরাই ক্ষয়ের দাস; কারণ কেউ যদি কারো দ্বারা পরাজিত হয়, তা হলে সে তার দাস হয়। ২০ আমাদের প্রভু ও ত্রাণকর্তা যিশু খ্রিস্ট সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করার মাধ্যমে জগতের কলুষতা থেকে পালিয়ে আসার পর, তারা যদি আবারও সেই একই বিষয়গুলোতে জড়িত হয় এবং সেগুলোর দ্বারা পরাজিত হয়, তা হলে তাদের শেষ অবস্থা, প্রথম অবস্থার চেয়েও খারাপ হয়ে পড়ে। ২১ সঠিক পথ এবং পবিত্র আজ্ঞাগুলো সম্বন্ধে সঠিকভাবে জানার পর, সেগুলো থেকে সরে যাওয়ার চেয়ে বরং সেগুলো সম্বন্ধে সঠিকভাবে না জানাই তাদের জন্য আরও উত্তম হতো। ২২ তাদের ক্ষেত্রে এই প্রবাদ সত্য হয়েছে: “কুকুর ফিরে যায় নিজের বমির দিকে আর স্নান-করানো শূকর ফিরে যায় কাদায় গড়াগড়ি দিতে।”
৩ প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের প্রতি এটা আমার দ্বিতীয় চিঠি। আমার প্রথম চিঠির মতো এই চিঠিতেও আমি কয়েকটা বিষয় মনে করিয়ে দেওয়ার মাধ্যমে তোমাদের স্পষ্টভাবে চিন্তা করার ক্ষমতাকে জাগিয়ে তুলছি, ২ যেন তোমরা অতীতে পবিত্র ভাববাদীদের মাধ্যমে বলা* বিষয়গুলো এবং আমাদের প্রভু ও ত্রাণকর্তার সেই আজ্ঞাগুলো স্মরণ করতে পার, যেগুলো তোমরা তোমাদের প্রেরিতদের মাধ্যমে পেয়েছিলে। ৩ প্রথমত, এটা জেনে রাখ, শেষকালে উপহাসকদের দেখা যাবে আর তারা ভালো বিষয়গুলো নিয়ে উপহাস করবে। তারা নিজেদের আকাঙ্ক্ষা অনুসারে চলবে ৪ এবং বলবে: “তাঁর উপস্থিতির বিষয়ে যে-প্রতিজ্ঞা করা হয়েছিল, সেই প্রতিজ্ঞার কী হল? জগৎ সৃষ্টির শুরুতে যেমন ছিল, আমাদের পূর্বপুরুষদের সময় থেকে সমস্ত কিছু তো ঠিক সেইরকমই চলছে।”
৫ কারণ তারা ইচ্ছাকৃতভাবে এই বিষয়টা উপেক্ষা করে যে, অনেক আগে থেকেই আকাশমণ্ডল ছিল আর ঈশ্বরের বাক্য দ্বারা পৃথিবী জল থেকে পৃথক ছিল আর জলের মধ্যে দৃঢ়ভাবে স্থাপিত ছিল; ৬ আর এগুলোর মাধ্যমে সেই সময়কার জগৎ জলপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। ৭ আবার সেই একই বাক্য দ্বারা এই বর্তমান আকাশমণ্ডল ও পৃথিবী আগুন দিয়ে ধ্বংস হওয়ার জন্য সংরক্ষিত আছে, এগুলোকে ঈশ্বরভক্তিহীন লোকদের বিচার ও ধ্বংসের দিনের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।
৮ কিন্তু, প্রিয় ভাই ও বোনেরা, তোমরা এই বিষয়টা ভুলে যেয়ো না যে, যিহোবার* কাছে এক দিন এক হাজার বছরের সমান আর এক হাজার বছর এক দিনের সমান। ৯ যিহোবা* তাঁর প্রতিজ্ঞা পূরণ করতে দেরি করেন না, যদিও তিনি দেরি করছেন বলেই কেউ কেউ মনে করে। এর পরিবর্তে, তিনি তোমাদের প্রতি ধৈর্যশীল, কারণ তিনি চান না, কেউ ধ্বংস হয়ে যাক, বরং চান যেন সকলে অনুতপ্ত হয়। ১০ কিন্তু, চোর যেভাবে আসে, যিহোবার* দিন সেভাবে আসবে। সেই দিন আকাশমণ্ডল গর্জন* করে শেষ হয়ে যাবে আর আকাশমণ্ডল এবং পৃথিবীর মূলবস্তুগুলো প্রচণ্ড উত্তপ্ত হয়ে গলে যাবে আর পৃথিবী এবং এর কাজগুলো প্রকাশ হয়ে পড়বে।*
১১ যেহেতু এই সমস্ত কিছু এভাবে গলে যাবে, তাই চিন্তা করে দেখ, তোমাদের কী ধরনের ব্যক্তি হওয়া উচিত! তোমাদের পবিত্র আচরণ করা উচিত এবং ঈশ্বরের প্রতি তোমাদের যে ভক্তি রয়েছে, তা কাজের মাধ্যমে প্রমাণ করা উচিত! ১২ আর তোমরা যিহোবার* দিন আসার* অপেক্ষায় থাকো এবং সেই দিনের কথা ভুলে যেয়ো না,* যে-দিন আকাশমণ্ডল আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে এবং আকাশমণ্ডলের মূলবস্তুগুলো প্রচণ্ড তাপে গলে যাবে! ১৩ কিন্তু, তাঁর প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন এক নতুন আকাশমণ্ডল এবং এক নতুন পৃথিবীর অপেক্ষায় রয়েছি, যেখানে প্রত্যেকে যা সঠিক, তা-ই করবে।
১৪ অতএব, প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যেহেতু এইসমস্ত বিষয়ের জন্য অপেক্ষা করছ, তাই প্রাণপণ চেষ্টা করো, যেন পরিশেষে ঈশ্বর দেখতে পান যে, তোমরা নির্দোষ ও নিষ্কলঙ্ক অবস্থায় রয়েছ এবং তাঁর সঙ্গে তোমাদের এক উত্তম সম্পর্ক রয়েছে। ১৫ আর আমাদের প্রভুর ধৈর্যকে পরিত্রাণ হিসেবে গণ্য করো, যেমনটা আমাদের প্রিয় ভাই পৌলও ঈশ্বরের কাছ থেকে পাওয়া প্রজ্ঞা অনুসারে তোমাদের লিখেছিলেন। ১৬ তিনি তার সমস্ত চিঠিতেই এই বিষয়গুলো সম্বন্ধে লিখেছেন। তবে, তার চিঠির কোনো কোনো বিষয় বোঝা কঠিন। যে-লোকেরা এই বিষয়গুলো ভালো করে বোঝে না* এবং বিশ্বাসে দুর্বল,* তারা শাস্ত্রের অন্যান্য অংশকে যেমন বিকৃত করে থাকে, তেমনই এই বিষয়গুলোকেও বিকৃত করে আর এর ফলে নিজেদের জন্য ধ্বংস ডেকে আনে।
১৭ অতএব, প্রিয় ভাই ও বোনেরা, তোমরা এই বিষয়ে আগে থেকে জান বলে সতর্ক থাকো, যাতে তোমরা সেই মন্দ লোকদের মিথ্যা শিক্ষা দ্বারা ভ্রান্ত না হও এবং তোমাদের দৃঢ়বিশ্বাস থেকে সরে না পড়। ১৮ বরং তোমরা ক্রমাগত আমাদের প্রভু ও ত্রাণকর্তা যিশু খ্রিস্টের মহাদয়া এবং তাঁর সম্বন্ধে জ্ঞান লাভ করো। এখন ও চিরকাল তাঁরই গৌরব হোক। আমেন।
বা “বিনা মূল্যে পেয়েছি।”
বা “বিনা মূল্যে দিয়েছেন।”
বা “যা কামনার।”
বা সম্ভবত, “সে দূরের জিনিস ভালো দেখতে পায় না।”
বা “তোমাদের প্রবেশ করার অধিকার প্রচুররূপে।”
অর্থাৎ তার পার্থিব দেহ।
গ্রিক, অ্যাসেলগেইয়া। শব্দকোষ দেখুন, “নির্লজ্জভাবে করা পাপ কাজ।”
শব্দকোষ দেখুন।
বা সম্ভবত, “ঘোর অন্ধকার কূপে ফেলে রেখেছেন।”
গ্রিক, অ্যাসেলগেইয়া। শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
আক্ষ., “বিচারদিনে কেটে ফেলার।”
শব্দকোষ দেখুন।
বা “যিহোবার সামনে।”
বা “ব্যভিচারে।” শব্দকোষ দেখুন, “ব্যভিচার।”
বা “তারা অস্থিরমনা ব্যক্তিদের।”
বা “তারা তাদের হৃদয়কে লোভী হতে শিখিয়েছে।”
গ্রিক, অ্যাসেলগেইয়া। শব্দকোষ দেখুন, “নির্লজ্জভাবে করা পাপ কাজ।”
বা “তোমরা পবিত্র ভাববাদীদের মাধ্যমে ভবিষ্যদ্বাণীকৃত।”
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
বা “হু-হু শব্দ।”
অর্থাৎ আগুনে পুড়ে যাওয়ার জন্য প্রকাশ হয়ে পড়বে।
শব্দকোষ দেখুন।
আক্ষ., “যিহোবার দিনের উপস্থিতির।”
বা “দিনের জন্য আকুল আকাঙ্ক্ষা করো।” আক্ষ., “দিনের উপস্থিতিকে ত্বরান্বিত করো।”
বা “যে-লোকেরা শিক্ষা পায়নি।”
বা “এবং অস্থির।”