থিষলনীকীয়দের প্রতি দ্বিতীয় চিঠি
১ আমি পৌল এবং সেইসঙ্গে সীল* ও তীমথিয়, আমরা থিষলনীকী মণ্ডলীর প্রতি, আমাদের পিতা ঈশ্বরের এবং প্রভু যিশু খ্রিস্টের লোকদের প্রতি এই চিঠি লিখছি:
২ আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন।
৩ হে ভাইয়েরা, আমরা তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য। এটা উপযুক্ত, কারণ তোমাদের বিশ্বাস দিন দিন খুবই দৃঢ় হচ্ছে এবং একে অন্যের প্রতি তোমাদের সকলের প্রেম আরও গভীর হচ্ছে। ৪ এইজন্য আমরা ঈশ্বরের মণ্ডলীগুলোর মধ্যে তোমাদের নিয়ে গর্ব করি, কারণ বিভিন্ন তাড়না ও কষ্ট* ভোগ করা সত্ত্বেও তোমরা ধৈর্য ধরছ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস দেখিয়ে চলছ। ৫ এটা প্রমাণ করে, ঈশ্বর ন্যায্য বিচার করেন। আর এই কারণে ঈশ্বরের সেই রাজ্য লাভ করার জন্য তোমাদের যোগ্য বলে গণ্য করা হয়েছে, যে-রাজ্যের জন্য তোমরা এত কষ্ট ভোগ করছ।
৬ আর ঈশ্বরের পক্ষে এটা ন্যায্য যে, যারা তোমাদের উপর ক্লেশ নিয়ে আসে, তিনি প্রতিফল হিসেবে তাদের উপরও ক্লেশ নিয়ে আসবেন। ৭ কিন্তু, তোমরা যারা ক্লেশ ভোগ করছ, তোমরা সেইসময় আমাদের সঙ্গে স্বস্তি লাভ করবে, যখন প্রভু যিশু স্বর্গ থেকে তাঁর শক্তিশালী স্বর্গদূতদের নিয়ে প্রকাশিত হবেন, ৮ জ্বলন্ত অগ্নিশিখায় প্রকাশিত হবেন। সেই সময়ে তিনি এমন লোকদের শাস্তি দেবেন, যারা ঈশ্বরকে জানে না এবং যারা আমাদের প্রভু যিশু সম্বন্ধীয় সুসমাচার অনুসারে চলে না। ৯ এই ব্যক্তিদের শাস্তি হবে অনন্তধ্বংস আর তাই প্রভুর চোখের সামনে থেকে তাদের দূর করে দেওয়া হবে এবং তারা তাঁর মহাশক্তি থেকে উপকার লাভ করবে না। ১০ এটা সেইসময় ঘটবে, যখন আমাদের প্রভু তাঁর পবিত্র ভাইদের সঙ্গে গৌরবান্বিত হওয়ার জন্য আসবেন। আর সেই দিন তাঁর উপর বিশ্বাস করে এমন সকলে তাঁর প্রশংসা করবে। তোমরা যারা আমাদের সাক্ষ্যে বিশ্বাস করেছ, তোমরাও তাদের মধ্যে থাকবে।
১১ এই কারণে আমরা সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি, যেন আমাদের ঈশ্বর তোমাদের তাঁর আহ্বানের যোগ্য বলে গণ্য করেন। আর সেইসঙ্গে তিনি যেন তাঁর শক্তির মাধ্যমে তিনি যে-সমস্ত ভালো বিষয় করতে চান, সেগুলোর সবই করেন এবং বিশ্বাসের ফলে তোমরা যে-কাজগুলো করছ, সেই সমস্তই সফল করেন। ১২ এভাবে যেন আমাদের ঈশ্বরের এবং প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া অনুসারে আমাদের প্রভু যিশুর নাম তোমাদের দ্বারা গৌরবান্বিত হয় এবং তোমরাও তাঁর সঙ্গে একতাবদ্ধ হয়ে গৌরবান্বিত হও।
২ কিন্তু, হে ভাইয়েরা, আমাদের প্রভু যিশু খ্রিস্টের উপস্থিতি এবং তাঁর সঙ্গে আমাদের একত্রিত হওয়ার বিষয়ে আমরা তোমাদের এই অনুরোধ করছি, ২ কেউ যদি বলে, যিহোবার* দিন উপস্থিত, তা হলে তোমরা বিভ্রান্ত হোয়ো না। এমনকী তারা যদি এইরকমটাও দাবি করে, এই বার্তা ঈশ্বরের কাছ থেকে এসেছে কিংবা আমাদের লেখা কোনো চিঠি থেকে পড়েছে, তবুও উদ্বিগ্ন হোয়ো না।
৩ কেউ যেন কোনোভাবেই তোমাদের বিপথে নিয়ে না যায়,* কারণ সেই দিন আসার আগে প্রথমে ধর্মভ্রষ্টতা দেখা দেবে এবং পাপপুরুষ অর্থাৎ বিনাশসন্তান প্রকাশ পাবে। ৪ সে একজন বিরোধী এবং সে ঈশ্বর নামে আখ্যাত এমন প্রত্যেকের এবং উপাসনা করা হয়ে থাকে এমন প্রতিটা বস্তুর চেয়ে নিজেকে বড়ো করে তুলে ধরে, যাতে সে ঈশ্বরের মন্দিরে বসতে পারে এবং লোকদের সামনে নিজেকে একজন ঈশ্বর বলে তুলে ধরতে পারে। ৫ আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখন এইসমস্ত কথা যে তোমাদের বলতাম, তা কি তোমাদের মনে নেই?
৬ আর সেই পাপপুরুষ যেন নিরূপিত সময়ের আগেই প্রকাশিত না হয়, সেইজন্য কে তাকে বাধা দিচ্ছে, তা তো তোমরা জান। ৭ এটা সত্য যে, এই পাপপুরুষের দুষ্টতা, যা এক রহস্য, ইতিমধ্যে কাজ করছে, কিন্তু যে তাকে বাধা দিচ্ছে, সে সরে না যাওয়া পর্যন্ত এই দুষ্টতা রহস্য হিসেবেই থাকবে। ৮ এরপর সেই পাপপুরুষ প্রকাশিত হবে। আর প্রভু যিশু তাঁর মুখ থেকে বের হয়ে আসা শক্তির দ্বারা তাকে ধ্বংস করবেন এবং তাঁর উপস্থিতির প্রকাশের মাধ্যমে তাকে অকার্যকর করে দেবেন। ৯ কিন্তু, এই পাপপুরুষ যখন প্রকাশ পাবে, তখন সে শয়তানের ক্ষমতায় প্রকাশ পাবে এবং সে অনেক অলৌকিক কাজ করবে, মিথ্যা চিহ্ন দেখাবে, আশ্চর্য কাজ করবে ১০ এবং চতুর প্রতারণা করবে। এই বিষয়গুলো সেই লোকদের বিপথে পরিচালিত করবে, যারা শাস্তিস্বরূপ বিনষ্ট হয়ে যাবে। কারণ এই লোকেরা সেই সত্য শিক্ষা পূর্ণহৃদয়ে গ্রহণ করেনি, যা তাদের রক্ষা করতে পারত। ১১ এইজন্য ঈশ্বর তাদের এক মিথ্যা শিক্ষার দ্বারা প্রতারিত হতে দেবেন, যাতে তারা মিথ্যা বাক্যে বিশ্বাস করে ১২ আর এর ফলে তারা সকলে যেন বিচারিত হয়, কারণ তারা সত্যে বিশ্বাস করেনি, বরং অন্যায় কাজে আনন্দ করেছে।
১৩ কিন্তু হে ভাইয়েরা, যিহোবার* প্রিয়পাত্রেরা, তোমাদের জন্য আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কারণ তিনি শুরু থেকেই পরিত্রাণের জন্য তোমাদের বেছে নিয়েছেন। তিনি তাঁর পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের পবিত্র করার দ্বারা এবং সত্যের প্রতি তোমাদের বিশ্বাসের দ্বারা তা করেছেন। ১৪ আমরা যে-সুসমাচার ঘোষণা করি, সেটার মাধ্যমেই তিনি তোমাদের এই পরিত্রাণের জন্য আহ্বান করেছেন, যাতে তোমরা আমাদের প্রভু যিশু খ্রিস্টের মতো গৌরব লাভ করতে পার। ১৫ তাই, হে ভাইয়েরা, তোমরা দৃঢ় থাকো এবং আমাদের বাক্য অথবা চিঠির মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে যে-সমস্ত শিক্ষা লাভ করেছ, সেগুলো ধরে রাখো। ১৬ আর আমাদের প্রভু যিশু খ্রিস্ট নিজে এবং যিনি আমাদের ভালোবাসেন এবং তাঁর মহাদয়ার মাধ্যমে আমাদের চিরস্থায়ী সান্ত্বনা এবং অপূর্ব আশা দিয়েছেন, আমাদের সেই পিতা ঈশ্বর ১৭ যেন তোমাদের সান্ত্বনা দেন এবং তোমাদের দৃঢ়* করেন, যাতে তোমরা সবসময় ভালো কাজ করো এবং ভালো বিষয় বলো।
৩ অবশেষে, হে ভাইয়েরা, আমাদের জন্য সবসময় প্রার্থনা করো, যেন যিহোবার* বাক্য ক্রমাগত দ্রুত ছড়িয়ে পড়ে এবং তোমরা যেমন সম্মানের সঙ্গে এই বাক্য গ্রহণ করেছ, তেমনই অন্যেরাও গ্রহণ করে। ২ আর প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের মন্দ ও দুষ্ট লোকদের হাত থেকে উদ্ধার করেন, কারণ সকলের বিশ্বাস নেই। ৩ কিন্তু, প্রভু বিশ্বস্ত আর তিনি তোমাদের শক্তিশালী করবেন এবং শয়তানের* হাত থেকে তোমাদের রক্ষা করবেন। ৪ আমরা যেহেতু প্রভুর অনুসারী, তাই তোমাদের বিষয়ে আমাদের এই আস্থা রয়েছে যে, আমরা তোমাদের যে-সমস্ত শিক্ষা দিয়েছি, তোমরা সেগুলো পালন করছ এবং করে চলবে। ৫ আর আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ভালোবাসার এবং খ্রিস্টের জন্য ধৈর্য ধরার ব্যাপারে প্রভু যেন সবসময় তোমাদের সাহায্য করেন।
৬ আর হে ভাইয়েরা, আমরা প্রভু যিশু খ্রিস্টের নামে তোমাদের আদেশ দিচ্ছি, এমন ভাইদের কাছ থেকে দূরে থাকো, যারা বাধ্য হয় না এবং আমাদের কাছ থেকে যে-সমস্ত শিক্ষা তোমরা লাভ করেছ,* সেই অনুযায়ী চলে না। ৭ কীভাবে আমাদের অনুকরণ করতে হবে, তা তোমরা নিজেরাই জান, কারণ আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমরা তাদের মতো অবাধ্য হইনি ৮ কিংবা বিনা মূল্যে কারো কাছ থেকে খাবার খাইনি। বরং, দিন-রাত শারীরিক কাজ এবং অক্লান্ত পরিশ্রম করেছি, যাতে তোমাদের কারো উপর ভারী বোঝা না হই। ৯ তোমাদের কাছ থেকে কিছু গ্রহণ করার অধিকার যে আমাদের নেই, তা নয়, কিন্তু আমরা তোমাদের জন্য এক উদাহরণ স্থাপন করতে চেয়েছিলাম, যাতে তোমরা আমাদের অনুকরণ কর। ১০ আসলে আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখন তোমাদের বার বার এই আদেশ দিয়েছি: “কেউ যদি কাজ করতে না চায়, তা হলে সে যেন খাবারও না খায়।” ১১ কারণ আমরা শুনতে পেয়েছি, তোমাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে চলে না, একেবারেই কাজ করে না, বরং অন্যদের ব্যাপারে নাক গলায়। ১২ এই ধরনের ব্যক্তিদের আমরা প্রভু যিশু খ্রিস্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি, যেন তারা শান্তভাবে কাজ করে এবং নিজেদের খাবার নিজেরা জোগাড় করে।
১৩ কিন্তু, হে ভাইয়েরা, তোমরা ভালো কাজ করার ব্যাপারে হাল ছেড়ে দিয়ো না। ১৪ এই চিঠির মাধ্যমে লেখা আমাদের বাক্য যদি কেউ না মানে, তা হলে সেই ব্যক্তিকে চিহ্নিত করে রাখো এবং তার সঙ্গে মেলামেশা করা বন্ধ করো, যাতে সে লজ্জা পায়। ১৫ তবে, তাকে শত্রু বলে গণ্য কোরো না, বরং তাকে একজন ভাই হিসেবে ক্রমাগত উপদেশ দাও।
১৬ আমরা প্রার্থনা করি যেন শান্তির প্রভু সমস্ত কিছুতে ক্রমাগত তোমাদের শান্তি দান করেন। প্রভু যেন তোমাদের সকলের সঙ্গে থাকেন।
১৭ আমি পৌল, নিজ হাতে লিখে আমার শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি। এটাই আমার প্রতিটা চিঠির চিহ্ন; আমি এভাবেই লিখে থাকি।
১৮ তোমাদের সকলের সঙ্গে আমাদের প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া থাকুক।
বা “সীলবান।”
বা “ক্লেশ।”
শব্দকোষ দেখুন।
বা “তোমাদের প্রতারিত না করে।”
শব্দকোষ দেখুন।
বা “শক্তিশালী।”
শব্দকোষ দেখুন।
আক্ষ., “সেই দুষ্ট ব্যক্তির।”
বা সম্ভবত, “শিক্ষা তারা লাভ করেছে।”