ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • nwt ১ থিষলনীকীয় ১:১-৫:২৮
  • ১ থিষলনীকীয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ১ থিষলনীকীয়
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
১ থিষলনীকীয়

থিষলনীকীয়দের প্রতি প্রথম চিঠি

১ আমি পৌল এবং সেইসঙ্গে সীল* ও তীমথিয়, আমরা থিষলনীকী মণ্ডলীর প্রতি, পিতা ঈশ্বরের এবং প্রভু যিশু খ্রিস্টের লোকদের প্রতি এই চিঠি লিখছি:

ঈশ্বর যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন।

২ আমরা যখন প্রার্থনায় তোমাদের সকলের বিষয়ে উল্লেখ করি, তখন সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই। ৩ আমাদের পিতা ঈশ্বরের সামনে আমরা তোমাদের বিশ্বস্ত কাজ, প্রেম সহকারে করা তোমাদের পরিশ্রম এবং আমাদের প্রভু যিশু খ্রিস্টের উপর তোমাদের প্রত্যাশার কারণে তোমরা যা-কিছু সহ্য করে থাক, সেই বিষয়ে সবসময় স্মরণ করে থাকি। ৪ কারণ হে ভাইয়েরা, ঈশ্বরের প্রেমের পাত্রেরা, আমরা জানি, তিনিই তোমাদের মনোনীত করেছেন। ৫ আমরা তোমাদের কাছে যে-সুসমাচার প্রচার করেছি, তা কেবল বাক্যের মাধ্যমেই নয়, কিন্তু সেইসঙ্গে ক্ষমতা, পবিত্র শক্তি ও দৃঢ়নিশ্চয়তা সহকারে করেছি। তোমরা তো জান, তোমাদের উপকারের জন্য আমরা কীভাবে কাজ করেছি। ৬ আর তোমরা আমাদের ও সেইসঙ্গে প্রভুর অনুকারী হয়েছ, কারণ অনেক ক্লেশের মধ্যে থাকা সত্ত্বেও, তোমরা ঈশ্বরের বাক্য আনন্দ সহকারে গ্রহণ করেছ, যে-আনন্দ পবিত্র শক্তির মাধ্যমে লাভ করা যায়। ৭ এভাবে তোমরা ম্যাসিডোনিয়া ও আখায়ায় বসবাসরত যিশুর সমস্ত অনুসারীর জন্য এক উদাহরণ হয়ে উঠেছ।

৮ তোমাদের দ্বারা কেবল ম্যাসি­ডোনিয়া ও আখায়াতেই নয়, কিন্তু সেইসঙ্গে সমস্ত জায়গায় যিহোবার* বাক্য ছড়িয়ে পড়েছে আর ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সমস্ত জায়গায় শোনা যাচ্ছে। তাই, আমাদের আর কিছু বলার প্রয়োজন নেই। ৯ কারণ লোকেরা নিজেরাই এই বিষয়ে বলে থাকে যে, কীভাবে আমরা প্রথম বার তোমাদের কাছে এসেছিলাম এবং কীভাবে তোমরা তোমাদের প্রতিমাগুলোর কাছ থেকে ফিরে ঈশ্বরের কাছে এসেছ, যেন জীবন্ত ও সত্য ঈশ্বরের দাসত্ব করতে পার ১০ এবং স্বর্গ থেকে তাঁর পুত্রের আসার জন্য অপেক্ষা করতে পার। সেই পুত্র হলেন যিশু, যাঁকে তিনি মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। তিনিই ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে আমাদের উদ্ধার করবেন।

২ হে ভাইয়েরা, তোমরা নিশ্চিতভাবেই জান, তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ নিষ্ফল হয়নি। ২ তোমরা এই কথাও জান, ফিলিপীতে প্রথমে আমরা কষ্ট ভোগ করেছিলাম এবং আমাদের মারধর করা হয়েছিল। কিন্তু, এত বিরোধিতা* সত্ত্বেও তোমাদের কাছে সুসমাচার ঘোষণা করার জন্য আমরা আমাদের ঈশ্বরের কাছ থেকে সাহস লাভ করেছিলাম। ৩ কারণ আমরা মিথ্যা ধারণার উপর ভিত্তি করে কিংবা খারাপ উদ্দেশ্য নিয়ে অথবা তোমাদের প্রতারণা করার জন্য উপদেশ দিই না, ৪ বরং ঈশ্বর আমাদের সুসমাচার প্রচার করার ভার দিয়েছেন বলেই উপদেশ দিই। আর আমরা লোকদের সন্তুষ্ট করার জন্য নয়, বরং ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কথা বলি, যিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন।

৫ আর তোমরা জান যে, আমরা কখনো তোষামোদপূর্ণ বাক্য ব্যবহার করিনি কিংবা আমাদের কোনো লোভী উদ্দেশ্যও ছিল না যে সেটা আমাদের লুকিয়ে রাখতে হয়েছে; ঈশ্বর এই বিষয়ে সাক্ষি! ৬ আর আমরা মানুষের কাছ থেকে অর্থাৎ তোমাদের কিংবা অন্যদের কাছ থেকে গৌরব লাভ করারও চেষ্টা করিনি, যদিও আমরা খ্রিস্টের প্রেরিত হিসেবে তোমাদের জন্য ভারী বোঝা হতে পারতাম। ৭ বরং একজন স্তন্যদাত্রী মা যেমন নিজের সন্তানদের কোমলভাবে যত্ন নেন,* তেমনই আমরা তোমাদের প্রতি কোমল আচরণ দেখিয়ে­ছিলাম। ৮ তোমাদের প্রতি কোমল স্নেহ থাকায়, আমরা তোমাদের শুধু ঈশ্বরের সুসমাচার জানাতেই নয়, কিন্তু সেইসঙ্গে তোমাদের সাহায্য করার জন্য নিজেদের জীবন দিতেও দৃঢ়সংকল্পবদ্ধ* ছিলাম, কারণ তোমরা আমাদের কাছে খুবই প্রিয় ছিলে।

৯ হে ভাইয়েরা, আমাদের শারীরিক কাজ এবং অক্লান্ত পরিশ্রমের কথা অবশ্যই তোমাদের মনে আছে। আমরা যখন তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম, তখন দিন-রাত কাজ করেছি, যেন আমরা তোমাদের কারো উপর ভারী বোঝা না হই। ১০ তোমরা যারা যিশুর অনুসারী, তোমরা আর সেইসঙ্গে ঈশ্বরও সাক্ষি যে, তোমাদের সঙ্গে আচরণ করার সময় আমরা কতটা অনুগত, ন্যায্য ও নির্দোষ ছিলাম। ১১ তোমরা ভালো করেই জান, একজন বাবা যেমন তার সন্তানদের দিয়ে থাকেন, তেমনই আমরাও সবসময় তোমাদের প্রত্যেককে উপদেশ দিয়েছি, সান্ত্বনা দিয়েছি এবং পরামর্শ দিয়েছি, ১২ যেন তোমরা ঈশ্বর যেভাবে চান, সেভাবে চলতে পার। তিনিই তোমাদের তাঁর রাজ্যে প্রবেশ করার এবং তাঁর মহিমার অংশী হওয়ার জন্য আহ্বান করেছেন।

১৩ এইজন্য আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমরা আমাদের কাছ থেকে ঈশ্বরের যে-বাক্য শুনেছ, তা মানুষের বাক্য হিসেবে নয়, বরং ঈশ্বরের বাক্য হিসেবেই গ্রহণ করেছিলে। আর সত্যিই তা ঈশ্বরের বাক্য। তোমরা যারা যিশুর অনুসারী, তোমাদের হৃদয়ে সেই বাক্য কাজ করছে। ১৪ হে ভাইয়েরা, যিহূদিয়াতে যে-সমস্ত খ্রিস্টীয় মণ্ডলী অর্থাৎ ঈশ্বরের মণ্ডলী রয়েছে, তোমরা সেগুলোর অনুকারী হয়েছ। কারণ যিহূদিয়ার ভাইয়েরা যিহুদিদের হাতে যেসব কষ্ট ভোগ করেছে, তোমরাও স্বদেশীয় লোকদের হাতে সেইরকম কষ্টই ভোগ করেছ। ১৫ এই যিহুদিরাই প্রভু যিশুকে এবং ভাববাদীদের হত্যা করেছে এবং আমাদেরও তাড়না করেছে। আর তারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে এবং সমস্ত মানুষের বিরুদ্ধে কাজ করে, ১৬ কারণ তারা ন-যিহুদিদের কাছে প্রচার করার ক্ষেত্রে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে, যে-কাজের মাধ্যমে কিনা ন-যিহুদিরা রক্ষা পেতে পারে। এভাবে তারা সবসময় তাদের পাপকে বৃদ্ধি করে। কিন্তু, পরিশেষে ঈশ্বরের ক্রোধ তাদের উপর নেমে এসেছে।

১৭ আর হে ভাইয়েরা, যদিও আমরা অল্প সময়ের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হয়েছিলাম (দৈহিকভাবে, তবে মনের দিক দিয়ে নয়), কিন্তু আমরা যথাসাধ্য প্রচেষ্টা করেছিলাম, যেন তোমাদের সত্যিই দেখতে পারি। ১৮ এই কারণে আমরা তোমাদের কাছে যেতে চেয়েছিলাম আর আমি পৌল, এক বার নয়, বরং দু-বার তোমাদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম; কিন্তু শয়তান আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ১৯ আমাদের প্রভু যিশুর উপস্থিতির সময়ে তাঁর সামনে তোমরাই কি আমাদের প্রত্যাশা, আনন্দ ও গর্বের মুকুট হবে না? ২০ হ্যাঁ, তোমরাই আমাদের গৌরব ও আনন্দ।

৩ তাই, আমরা যখন তোমাদের খবর জানার ব্যাপারে আর অপেক্ষা করতে পারিনি, তখন আমরা এথেন্সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই; ২ এবং আমাদের ভাই ও সেইসঙ্গে ঈশ্বরের সেবক,* যিনি খ্রিস্ট সম্বন্ধে সুসমাচার প্রচার করেন, সেই তীমথিয়কে তোমাদের কাছে পাঠাই, যেন তিনি তোমাদের সান্ত্বনা প্রদান করেন আর এভাবে তোমাদের বিশ্বাসকে শক্তিশালী করেন। ৩ আর তোমাদের মধ্যে কেউই যেন এইসমস্ত ক্লেশের কারণে দুর্বল হয়ে না পড়ে। কারণ তোমরা তো জান, আমাদের এই বিষয়গুলো ভোগ করতেই হবে।* ৪ আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমরা তোমাদের বার বার বলেছি, আমাদের ক্লেশ ভোগ করতে হবে। আর তোমরা যেমন জান, ঠিক তা-ই ঘটেছে। ৫ এইজন্য আমি আর অপেক্ষা করতে পারিনি বলে তীমথিয়কে তোমাদের কাছে পাঠাই, যেন তিনি তোমাদের বিশ্বস্ততার খবর আমাকে জানাতে পারেন। কারণ আমার ভয় হচ্ছিল, দিয়াবল* হয়তো তোমাদের প্রলোভিত করেছে আর আমাদের পরিশ্রম বৃথা হয়ে গিয়েছে।

৬ কিন্তু, এখন তীমথিয় তোমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের বিশ্বস্ততা ও প্রেম সম্বন্ধে ভালো খবর দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সবসময় আনন্দের সঙ্গে আমাদের কথা স্মরণ করে থাক এবং তোমরা আমাদের দেখার জন্য অত্যন্ত আকাঙ্ক্ষী, ঠিক যেমন আমরাও তোমাদের দেখার জন্য আকাঙ্ক্ষী। ৭ এইজন্য হে ভাইয়েরা, যদিও আমরা অনেক দুর্দশা* ও ক্লেশের মধ্যে রয়েছি, কিন্তু তোমাদের সম্বন্ধে জানতে পেরে এবং তোমাদের বিশ্বস্ততার কথা শুনে আমরা সান্ত্বনা লাভ করেছি। ৮ কারণ প্রভুর শিষ্য হিসেবে তোমরা যদি দৃঢ় থাক, তা হলে আমরা নবশক্তি লাভ করি। ৯ সত্যিই, তোমাদের কারণে ঈশ্বরের সামনে আমরা যে-মহানন্দ বোধ করি, সেটার প্রতিদানে তোমাদের জন্য ঈশ্বরকে যে কীভাবে ধন্যবাদ জানাব, তা জানি না। ১০ আমরা দিনরাত আন্তরিকভাবে প্রার্থনা করি, যেন আমরা তোমাদের সত্যিই দেখতে পারি এবং তোমাদের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য যা প্রয়োজন, তা জোগাতে পারি।

১১ হ্যাঁ, আমরা প্রার্থনা করি, যেন আমাদের পিতা ঈশ্বর নিজে এবং আমাদের প্রভু যিশু তোমাদের কাছে যাওয়ার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দেন। ১২ এ ছাড়া, প্রভু যেন পরস্পরের প্রতি এবং সকলের প্রতি তোমাদের প্রেম বৃদ্ধি করেন, হ্যাঁ, তোমাদের আরও বেশি প্রেম দেখাতে সাহায্য করেন, ঠিক যেমনটা আমরা তোমাদের প্রতি দেখিয়ে থাকি। ১৩ এভাবে তাঁর সমস্ত পবিত্র ব্যক্তি-সহ প্রভু যিশুর উপস্থিতির সময় আমাদের পিতা ঈশ্বরের সামনে তোমাদের হৃদয় দৃঢ় হবে এবং তোমরা পবিত্র ও নির্দোষ হতে পারবে।

৪ অবশেষে, হে ভাইয়েরা, ঈশ্বরকে খুশি করার জন্য তোমাদের কীভাবে চলা উচিত, সেই বিষয়ে তোমরা আমাদের কাছ থেকে শিক্ষা পেয়েছ আর সত্যিই তোমরা সেভাবে চলছ। কিন্তু, এখন আমরা প্রভু যিশুর নামে তোমাদের উৎসাহিত ও অনুরোধ করছি, যেন তোমরা আরও বেশি করে সেভাবে চল। ২ কারণ প্রভু যিশুর নামে আমরা তোমাদের যে-সমস্ত নির্দেশনা* দিয়েছি, সেগুলো তো তোমরা জান।

৩ কারণ ঈশ্বরের ইচ্ছা এই, যেন তোমরা পবিত্র হও এবং যৌন অনৈতিকতা* থেকে পৃথক থাক। ৪ আর তোমরা প্রত্যেকে যেন জান, নিজ নিজ দেহকে* পবিত্র ও সম্মানজনক রাখার জন্য কীভাবে নিজের দেহকে* নিয়ন্ত্রণ করতে হয়। ৫ এ ছাড়া, তোমরা যেন সেই ন-যিহুদিদের মতো চরম যৌন আকাঙ্ক্ষার বশবর্তী না হও, যারা ঈশ্বরকে জানে না। ৬ এই ব্যাপারে কেউ যেন সীমা অতিক্রম না করে এবং তার ভাইয়ের ক্ষতি না করে, কারণ যিহোবা* এই সমস্ত বিষয়ের জন্য শাস্তি দেন, যেগুলোর বিষয়ে আমরা যেমন তোমাদের আগেই বলেছি এবং দৃঢ়ভাবে সাবধান করেছি। ৭ কারণ ঈশ্বর আমাদের অশুচিভাবে চলার জন্য নয়, বরং পবিত্র হওয়ার উদ্দেশ্যে আহ্বান করেছেন। ৮ অতএব, যে-ব্যক্তি এই শিক্ষা অমান্য করে, সে মানুষকে নয়, বরং সেই ঈশ্বরকেই অমান্য করে, যিনি তোমাদের তাঁর পবিত্র শক্তি দান করেন।

৯ কিন্তু, ভ্রাতৃপ্রেমের বিষয়ে তোমাদের কাছে আমাদের কিছু লেখার প্রয়োজন নেই, কারণ একে অন্যকে প্রেম করার বিষয়ে তোমরা তো ঈশ্বরের কাছ থেকেই শিক্ষা পেয়েছ। ১০ আর তোমরা সত্যিই ম্যাসিডোনিয়ার সমস্ত ভাই-বোনের প্রতি প্রেম দেখাচ্ছ। কিন্তু, হে ভাইয়েরা, আমরা তোমাদের উৎসাহিত করছি, যেন তোমরা আরও বেশি করে প্রেম দেখাও। ১১ আমরা যেমন তোমাদের আদেশ দিয়েছি, সেই অনুসারে শান্তভাবে জীবনযাপন করার, নিজের কাজে ব্যস্ত থাকার এবং নিজ হাতে পরিশ্রম করার প্রচেষ্টা করো, ১২ যেন বাইরের লোকদের দৃষ্টিতে তোমাদের চলাফেরা উপযুক্ত হয় এবং তোমাদের কোনো কিছুর অভাব না হয়।

১৩ আর হে ভাইয়েরা, আমরা চাই না, যারা মৃত্যুতে ঘুমিয়ে আছে, তাদের ভবিষ্যৎ কী হবে, তা তোমাদের অজানা থাকুক, যেন তোমরা সেই ব্যক্তিদের মতো দুঃখার্ত না হও, যাদের কোনো প্রত্যাশা নেই। ১৪ কারণ আমাদের যদি এই বিশ্বাস থাকে যে, যিশু মারা গিয়েছেন এবং মৃতদের মধ্য থেকে উঠেছেন, তা হলে আমাদের এই বিশ্বাসও রয়েছে যে, যিশুর অনুসারী হিসেবে যারা মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে,* ঈশ্বর তাদের পুনরুত্থিত* করবেন, যেন তারা তাঁর* সঙ্গে এক হতে পারে। ১৫ আমরা যিহোবার* বাক্য অনুসারে তোমাদের এই কথা বলছি যে, আমাদের মধ্যে যারা প্রভুর উপস্থিতির সময় বেঁচে থাকবে, তারা কোনোমতেই সেই ব্যক্তিদের আগে স্বর্গে যাবে না, যারা ইতিমধ্যে মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে;* ১৬ কারণ প্রভু নিজে জোরগলায় আদেশ সহকারে, প্রধান স্বর্গদূতের স্বর সহকারে এবং ঈশ্বরের তূরীর শব্দ সহকারে স্বর্গ থেকে নেমে আসবেন। আর এরপর, খ্রিস্টের যে-শিষ্যেরা মারা গিয়েছে, তারা মৃতদের মধ্য থেকে প্রথমে উঠবে। ১৭ তার পরে আমরা যারা জীবিত ও বাকি থাকব, আমাদেরও আকাশে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে; আর এভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। ১৮ অতএব, তোমরা এইসমস্ত কথার দ্বারা সবসময় একে অন্যকে সান্ত্বনা দাও।

৫ কিন্তু হে ভাইয়েরা, এইসমস্ত বিষয় কোন সময়ে ও কালে ঘটবে, সেই সম্বন্ধে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। ২ কারণ তোমরা নিজেরাই ভালো করে জান যে, রাতের বেলায় যেমন চোর আসে, যিহোবার* দিনও ঠিক সেভাবে আসবে। ৩ যখনই লোকেরা বলে, “শান্তি ও নিরাপত্তা!” তখনই একজন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো তাদের উপর হঠাৎ বিনাশ আসবে আর তারা কোনোভাবেই রেহাই পাবে না। ৪ কিন্তু, হে ভাইয়েরা, তোমরা অন্ধকারে নও যে, সেই দিন হঠাৎ করে তোমাদের উপর এসে পড়বে, যেমনটা দিনের আলো চোরের উপর এসে পড়ে। ৫ কারণ তোমরা সকলে আলোর সন্তান এবং দিনের সন্তান। আমরা রাতেরও নই, কিংবা অন্ধ­কারেরও নই।

৬ তাই এসো, আমরা অন্য লোকদের মতো না ঘুমাই, বরং জেগে থাকি এবং সচেতন থাকি। ৭ কারণ যারা ঘুমায়, তারা রাতেই ঘুমায় আর যারা মাতাল হয়, তারা রাতেই মাতাল হয়। ৮ কিন্তু, আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো আমরা সচেতন থাকি এবং বিশ্বাস ও প্রেমের বুকপাটা আর সেইসঙ্গে পরিত্রাণের প্রত্যাশা­রূপ শিরস্ত্রাণ* পরি। ৯ কারণ ঈশ্বর আমাদের ক্রোধের জন্য নয়, বরং আমাদের প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ লাভ করার জন্য মনোনীত করেছেন। ১০ যিশু আমাদের জন্য মারা গিয়েছেন, যেন আমরা জেগে থাকি কিংবা ঘুমিয়ে* থাকি, তাঁর সঙ্গেই জীবিত থাকি। ১১ অতএব, তোমরা এখন যেমন করছ, তেমনই একে অন্যকে উৎসাহিত* ও শক্তিশালী করো।

১২ কিন্তু হে ভাইয়েরা, আমরা তোমাদের অনুরোধ করছি যে, যারা তোমাদের মধ্যে কঠোর পরিশ্রম করেন, প্রভুর সেবায় তোমাদের দেখাশোনা করেন এবং তোমাদের উপদেশ দেন, তাদের সম্মান করো; ১৩ তাদের কাজের জন্য তাদের প্রতি প্রেম সহকারে বিশেষ দয়া দেখাও। একে অন্যের সঙ্গে শান্তিতে বাস করো। ১৪ আর হে ভাইয়েরা, আমরা তোমাদের অনুরোধ করছি, অবাধ্য ব্যক্তিদের সাবধান করো,* হতাশাগ্রস্ত* ব্যক্তিদের সান্ত্বনা দাও, দুর্বল ব্যক্তিদের সাহায্য করো, সকলের প্রতি ধৈর্যশীল হও। ১৫ সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন মন্দের পরিশোধে মন্দ না করে বরং সবসময় একে অন্যের প্রতি আর সেইসঙ্গে অন্য সকলের প্রতি ভালো কাজ করার চেষ্টা করে।

১৬ সবসময় আনন্দ করো। ১৭ অবিরত প্রার্থনা করো। ১৮ সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দাও। খ্রিস্ট যিশুর অনুসারীদের জন্য এটাই ঈশ্বরের ইচ্ছা। ১৯ তোমাদের উপর পবিত্র শক্তিকে কাজ করার ক্ষেত্রে বাধা দিয়ো* না। ২০ ভবিষ্যদ্‌বাণী তুচ্ছ কোরো না। ২১ সমস্ত কিছু পরীক্ষা করে নিশ্চিত হয়ে নাও; যা উত্তম, তা ধরে রাখো। ২২ সমস্ত ধরনের মন্দতা থেকে পৃথক থাকো।

২৩ শান্তির ঈশ্বর নিজে তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করুন। আর তোমাদের ভালো মনোভাব, তোমাদের জীবন এবং তোমাদের দেহ যেন আমাদের প্রভু যিশু খ্রিস্টের উপস্থিতির সময় নির্দোষ অবস্থায় থাকে। ২৪ যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত এবং তিনি নিশ্চিতভাবেই তা করবেন।

২৫ হে ভাইয়েরা, আমাদের জন্য ক্রমাগত প্রার্থনা করো।

২৬ সমস্ত ভাইকে আন্তরিকভাবে* শুভেচ্ছা জানিয়ো।

২৭ আমি প্রভুর নামে তোমাদের আন্তরিকভাবে অনুরোধ করছি, সমস্ত ভাইয়ের কাছে যেন এই চিঠি পড়া হয়।

২৮ আমাদের প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া তোমাদের সঙ্গে থাকুক।

বা “সীলবান।”

শব্দকোষ দেখুন।

বা সম্ভবত, “কঠিন লড়াই।”

বা “সন্তানদের সযত্নে লালনপালন করেন।”

আক্ষ., “ইচ্ছুক।”

বা সম্ভবত, “ঈশ্বরের সহকার্যকারী।”

বা “আমরা এরই জন্য নিরূপিত।”

আক্ষ., “সেই পরীক্ষক।”

আক্ষ., “অভাব।”

বা “আদেশ।”

গ্রিক, পরনিয়া। শব্দকোষ দেখুন।

আক্ষ., “পাত্রকে।”

আক্ষ., “পাত্রকে।”

শব্দকোষ দেখুন।

বা “যারা মারা গিয়েছে।”

শব্দকোষ দেখুন।

অর্থাৎ যিশু।

শব্দকোষ দেখুন।

বা “ইতিমধ্যে মারা গিয়েছে।”

শব্দকোষ দেখুন।

বা “হেলমেট।”

বা “মৃত্যুতে ঘুমিয়ে।”

বা “সান্ত্বনা দাও।”

বা “ব্যক্তিদের কড়া পরামর্শ দাও।”

বা “নিরুৎ­সাহিত।”

আক্ষ., “পবিত্র শক্তির আগুনকে নিভিয়ে ফেলো।”

আক্ষ., “পবিত্র চুম্বনে।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার